চিকিত্সকেরা রাজনীতিতে বেশি সময় দেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চিকিত্সকেরা চিকিত্সাসেবার চেয়ে রাজনীতিতে বেশি সময় ব্যয় করেন। এ বিষয়ে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের তদারকি যথেষ্ট নয়। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে ওই কমিটির বৈঠক হয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও কমিউনিটি ক্লিনিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আলী আশরাফ প্রথম আলো ডটকমকে বলেন, সরকার কমিউনিটি ক্লিনিক জনগণের দোরগোড়ায় নিয়ে গেছে। সে জন্যই এর ওপর সরকারের তদারকি আরও বাড়াতে হবে। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে উন্নতমানের যন্ত্রপাতি থাকলেও সাধারণ মানুষ চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এর কারণ, চিকিত্সকেরা তাঁদের দায়িত্ব আন্তরিকভাবে পালন করেন না। তাঁরা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। কেউ ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নিয়ে, কেউ স্বাচিপ (স্বাধীনতা চিকিত্সক পরিষদ) নিয়ে ব্যস্ত থাকেন। রাজনীতি তাঁরা অবশ্যই করবেন, তবে আগে নিজের কর্তব্যকাজটি করতে হবে। বৈঠকে সংসদে দেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। মন্ত্রণালয় থেকে জানানো হয়, এখন পর্যন্ত ৪৪টি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। ১৬টি প্রতিশ্রুতি আংশিক বাস্তবায়িত হয়েছে। আর ২৮টি বাস্তবায়নাধীন আছে ও ২০টি বাস্তবায়ন হয়নি। বৈঠকে জানানো হয়, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বর্তমানে ১২ হাজার ২১৭টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। অচিরেই এই সংখ্যা ১৩ হাজার ৫০০-তে উন্নীত করা হবে। এ ছাড়া প্রতিটি ক্লিনিকে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইজার (সিএইচসিপি) নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য মোট ১৩ হাজার ৫০০টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকের উন্নয়নে মন্ত্রণালয়ের তদারকি জোরদার করার সুপারিশ করে কমিটি। বৈঠকে উপজেলা কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শনের জন্য কমিটির সভাপতি আলী আশরাফকে আহ্বায়ক এবং বি এম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরীকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়।আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রাশেদা বেগম (হীরা) ও বি এম মোজাম্মেল হক অংশ নেন।