চিকিত্সাসেবাবঞ্চিতই থেকে যাচ্ছে ছিটমহলবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘য়াইতোত (রাতে) অ্যাটে কোনা ডাক্তোর বাবু থাকে না, সাঞ্জের (সন্ধ্যা) পর বিএসএফগুলা তিনবিঘা করিডরের গেটখানো খুলি না দ্যায়, ছাওয়া পোওয়া ভায় হামারগিলার অসুখ দেখা দিলে সারা য়াইত আল্লাহর নাম নিয়া কান্দোন ছাড়া কোনো গতি থাকে না।’ এ ছিটমহলের গৃহবধূ আঞ্জুয়ারা বেবী, আম্বিয়া বেগমসহ কয়েকজন মহিলা ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন।৪৭ বছর অবরুদ্ধ থাকার পর ১৯৯২ সালে ভারতের কাছ থেকে তিনবিঘা করিডর পাওয়ার মধ্য দিয়ে বহুল আলোচিত ছিটমহল-দহগ্রাম-আঙ্গরপোতার সাড়ে ১৩ হাজার অধিবাসীর অবরুদ্ধ জীবনের অবসান হলেও আজ তাদের চিকিত্সা ও শিক্ষার মৌলিক অধিকার পূরণ হয়নি। ছিটমহলটির কয়েক হাজার মানুষের জন্য নির্মিত ১০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক সুবিধাসম্পন্ন হাসপাতাল নির্মাণের পর থেকে বিরাজমান নানা সমস্যার কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছে ছিটমহলের অধিবাসীরা।’৯২ সালে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের নাগরিকেরা তিনবিঘা করিডর দিয়ে মূল ভূখণ্ডে যাতায়াতের সুবিধা লাভের পর তত্কালীন সরকার দহগ্রামের বঙ্গেরবাড়ি হাই স্কুলের পাশে ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করে। কিন্তু হাসপাতালটিতে চিকিত্সক, সেবিকাসহ অন্যান্য কর্মচারী নিয়োগ দেওয়া হয় উন্নয়ন খাত থেকে। পরবর্তী সময়ে রাজস্ব খাতে এখানকার কর্মচারীদের নিয়মিত না করায়, খুব অল্প দিনের মধ্যেই হাসপাতালটির চিকিত্সক ও সেবিকারা তদবির করে অন্যত্র বদলি হয়ে যান। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ছিটমহলবাসী বারবার দাবি জানিয়েও হাসপাতালটিকে যেমনভাবে উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে নিতে পারেনি, তেমনি চিকিত্সকশূন্য হাসপাতালটিতে চিকিত্সকেরও নাগাল পায়নি তারা।এতে দহগ্রাম হাসপাতালটি চলছে একজন সরকারি চিকিত্সক দিয়ে। হাসপাতালে কোটি টাকা মূল্যের এক্স-রে মেশিন, জেনারেটর, অপারেশন (ওটি) করার সরঞ্জাম, অ্যাম্বুলেন্স ও আসবাবপত্র পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ছিটমহলের মহিলা ও শিশুরা প্রয়োজনীয় চিকিত্সা-সুবিধার অভাবে অপুষ্টিসহ নানা অসুখে ভুগছে। এর ৯০ শতাংশ মানুষই অতি দরিদ্র হওয়ায় অসুস্থ হলেও ছিটমহলের বাইরে কোথাও চিকিত্সা করাতে পারে না। লালমনিরহাট জেলার সিভিল সার্জন বলেন, ‘কাগজে-কলমে দহগ্রাম হাসপাতালটিকে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল বলা হলেও এখানে কোনো শয্যা নেই। উদ্বোধনের পর থেকে এটি একটি শয্যাবিহীন হাসপাতাল। তিনি হাসপাতালটির ইনডোর চালু করার জন্য সমপ্রতি স্বাস্থ্য মহাপরিচালককে অনুরোধ করেছেন বলে জানান।