চিকিৎসক, নার্স ও কর্মচারীরা ক্লিনিকের মালিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর হাসপাতালের পাশে চারটি ক্লিনিক অবস্থিত। এসব ক্লিনিকের ব্যবসার সঙ্গে হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের একাধিক চিকিত্সক, নার্স ও কর্মচারী জড়িত।স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে জানা গেছে, নিপুণ ক্লিনিকের সঙ্গে জড়িত আছেন সদর হাসপাতালের প্যাথলজি কনসালট্যান্ট এস এম মনিরুজ্জামান, গাইনি কনসালট্যান্ট হোসনে আরা বেগম এবং হাসপাতালের প্রধান সহকারী গোলাম মোস্তফা। মেট্রো ক্লিনিকের সঙ্গে আছেন হাসপাতালের ডেন্টাল টেকনিশিয়ান আলী আকবর বাঙ্গাল, মেডিকেল টেকনোলজিস্ট আসলাম মিয়া, ইসহাক মিয়া, সিভিল সার্জনের কার্যালয়ের চিফ মেডিকেল টেকনোলজিস্ট মো. বাবুল আক্তার এবং জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মিয়া। সেভ ডেলিভারি ক্লিনিকের সঙ্গে আছেন জ্যেষ্ঠ সেবিকা স্মৃতি রানী বিশ্বাস ও স্টোরকিপার আবুল হোসেন। হাওলাদার ক্লিনিকের সঙ্গে জড়িত জ্যেষ্ঠ সেবিকা হোসনে জাহান, হালিমা বেগম, সেবক রেজাউল করিম, আব্দুল কাদের ও গাড়িচালক ইসমাইল। তাঁরা ১০ থেকে ২৪ বছর ধরে শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত রয়েছেন। এর মধ্যে কেউ বদলি হলে তদবির করে বদলি আটকে দেন। অন্য উপজেলায় বদলি হলে প্রেষণে সদর হাসপাতালে কাজ করেন।চিকিত্সক মনিরুজ্জামান বলেন, ‘হাসপাতালের দায়িত্ব পালন শেষে নিপুণ ক্লিনিকে কাজ করি, তবে তাঁদের সঙ্গে আমার কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই।’চিকিত্সক হোসনে আরা বেগম বলেন, ‘অনেক দিন ধরে শরীয়তপুর হাসপাতালে কর্মরত আছি। অফিস সময়ের বাইরে নিপুণ ক্লিনিকে কাজ করি। আমার বাড়ি এ এলাকায় হওয়ায় মানুষ ভাবে, ক্লিনিক ব্যবসার সঙ্গে আমি জড়িত। আসলে এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ডেন্টাল টেকনিশিয়ান আলী আকবর বাঙ্গাল বলেন, ‘রোগীদের ভালোমানের সেবা দেওয়ার জন্য আমরাই প্রথম শরীয়তপুরে ক্লিনিক ব্যবসা চালু করি। সরকারি হাসপাতালে কর্মরত থাকার কারণে নিজের নামে কোনো মালিকানা নেই। আত্মীয়স্বজনের নামে মালিকানা রয়েছে। এ এলাকার বাসিন্দা হওয়ায় ও দীর্ঘদিন একই স্থানে চাকরি করার কারণে রোগীদের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়ার জন্যই এ ব্যবসার সঙ্গে জড়িত হয়েছি।’নিপুণ ক্লিনিকের পরিচালক জাহাঙ্গীর আলম বাবুল বলেন, ‘ক্লিনিকের যাবতীয় কাগজপত্র আমার নামে। এ ক্লিনিকে অন্য কোনো অংশীদার নেই। হাসপাতালের চিকিত্সক ও কর্মচারীরা ক্লিনিকে অবসর সময়ে কাজ করেন।’শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা নির্মল চন্দ্র দাস বলেন, ‘হাসাপাতালের কিছু চিকিত্সক, কর্মচারী ক্লিনিক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা শুনেছি। হাসপাতালের বাইরে কারা কী করছে, তা আমরা নিয়ন্ত্রণ করব কীভাবে? তা ছাড়া তাঁদের ব্যবসায় জড়িত থাকার কোনো কাগজপত্র আমাদের কাছে নেই।’এ বিষয়ে সিভিল সার্জন চিত্তরঞ্জন প্রামাণিক বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী সরকারি চাকরিজীবীরা কেউ সরাসরি ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারবেন না। তার পরও শরীয়তপুরের ক্লিনিকগুলোর সঙ্গে সদর হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে তাঁদের কারও নামে ব্যবসায়িক কোনো কাগজ নেই। প্রমাণের অভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’