চিকিৎসক অনেক সেবা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ কিলোমিটার দূরের গ্রাম তাড়াশ উপজেলার কামারশন। সড়ক যোগাযোগ না থাকায় নৌকা ভাড়া করে এসেছেন রীনা (৩০) বেগম। সাত মাসের অন্তঃসত্ত্বা তিনি। শারীরিক সমস্যা নিয়ে তিনি গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন সকাল সাড়ে আটটায়। কিন্তু সকাল সোয়া নয়টাতেও কোনো চিকিৎসকের দেখা পাননি। হাসপাতালের বারান্দায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। জহুরা বেগম (৩০) ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে এসেছেন চরপিপলা গ্রাম থেকে। কোলে তাঁর তিন বছরের শিশু। সকাল সাড়ে নয়টাতেও চিকিৎসকের জন্য অপেক্ষা করতে দেখা গেল তাঁকে। তাঁদের মতো প্রতিদিন শত শত রোগী গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন। অথচ ৫০ শয্যার এই হাসপাতালে ১৮ জন চিকিৎসক আছেন।১৯ সেপ্টেম্বর সরেজমিন দেখা গেছে, জরুরি বিভাগ ছাড়া সব চিকিৎসকের চেম্বারে তালা ঝুলছে। দূরের গ্রাম থেকে রিকশা-ভ্যানে করে রোগীরা আসছে। কিন্তু কোনো চিকিৎসক নেই। সকাল সাড়ে নয়টায় চিকিৎসক ফেরদৌস উদিতা, সামরোজ সুলতানা ও কাওছারুন্নাহার হাজিরা খাতায় স্বাক্ষর করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে যান। দেরি করার কারণ সম্পর্কে জানতে চাইলে তাঁরা বিষয়টি এড়িয়ে যান। জানা যায়, গুরুদাসপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রশিক্ষণের জন্য ঢাকায় রয়েছেন। আর এই সুযোগে কর্মরত বাকি চিকিৎসকেরা ইচ্ছেমতো অফিস করছেন। হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রিমা (২২) জানান, পেটের ব্যথা নিয়ে দুদিন ধরে ভর্তি হয়েছেন। নার্সরা মাঝেমধ্যে এলেও চিকিৎসকদের দেখা পাননি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের মুঠোফোন বন্ধ থাকায় একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে, নার্গিস তানজিমা ফেরদৌস মুঠোফোনে জানান, প্রায় এক মাস ধরে আমি অসুস্থ থাকায় ঠিকমতো অফিস করতে পারছি না। মেডিকেল লিভ চেয়ে আবেদন করেছি।