আরেক দফা সাংসদদের তোপের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। সাংসদেরা অভিযোগ করেন, মফস্বলের চিকিৎসকেরা কর্মস্থলে থাকেন না। তাঁরা ঢাকায় চলে আসেন। যন্ত্রপাতি থাকলেও প্রয়োজনীয় জনবলের অভাবে তা ব্যবহার হয় না। এতে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।আজ মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সাংসদেরা এই ক্ষোভ প্রকাশ করেন। তার আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এর আগে সংসদের দ্বাদশ অধিবেশনেও সাংসদেরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।প্রশ্ন করতে গিয়ে সরকারি দলের মনজুর কাদের কোরেশী বলেন, নেত্রকোনা জেলার আটপাড়ার চিকিৎসক এলাকায় থাকেন না। নওগাঁ জেলাতেও একই অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেন শাহীন মনোয়ারা হক। তিনি তাঁর এলাকায় নারীদের সুচিকিৎসার জন্য নারী চিকিৎসক দেওয়ার দাবি জানান।জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার বাইরে পদায়ন করা চিকিৎসকদের তাঁদের কর্মস্থলে নিয়মিত অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তব্যে অবহেলার কারণে এ পর্যন্ত ২০০-র বেশি চিকিত্সকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ২৪ জনকে। কর্মস্থলে উপস্থিত না থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে ভবিষ্যতেও চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, গ্রামের নারীরা নারী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু নারী চিকিৎসকেরা গ্রামে থাকতে চান না। পদায়ন করা হলেও নানা অজুহাতে তাঁরা ঢাকায় চলে আসেন। এটা ঠিক যে মফস্বলের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল দেওয়া সম্ভব হয় না। সে জন্যই কিছু অব্যবস্থাপনা হয়। সরকারি দলের বীর বাহাদুর উশৈ সিং বলেন, পার্বত্য চট্টগ্রামে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তারা পাহাড়ে থাকার ভাতা পান। চিকিৎসকেরা সেখানে যান না। কিন্তু বেতনের পাশাপাশি পাহাড়ে থাকার ভাতা নেন। সেখানে এমনই অবস্থা যে চিকিৎসক অসুস্থ হলে তাঁর চিকিৎসা করার জন্যও চিকিৎসক পাওয়া যায় না। অপু উকিল বলেন, সরকারি মেডিকেল কলেজ থেকে নবজাতক চুরির ঘটনা দিন দিন বাড়ছে। জবাবে মন্ত্রী বলেন, পাহাড়ে নিয়োগ পাওয়া চিকিৎসকেরা কর্মস্থলে না গিয়ে ভাতা নিয়ে থাকেন কি না, সে সম্পর্কে তাঁর জানা নেই। বিষয়টি যাচাই করে দেখা হবে। তিনি আরও বলেন, বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির ঘটনা মায়েদের জন্য বেদনাদায়ক। চুরির ঘটনা রোধে হাসপাতালগুলোতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আবদুল মতিন খসরু প্রশ্ন করতে গিয়ে বলেন, রাজধানীর অ্যাপোলো হাসপাতালে রোগীর পেটে কাপড় রেখে সেলাই করা হয়েছে। দুই বছর ধরে সেই রোগী অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করেছেন। এই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না? জবাবে মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশের চিকিৎসকেরাই ভুল করেন। এ সময় সাংসদেরা মৃদু স্বরে তাঁর বক্তব্যের প্রতিবাদ জানান। মন্ত্রী আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সংসদে অনুপস্থিত বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চিকিৎসকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখায় একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। ওয়েব ক্যামের মাধ্যমে জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে ডাক্তার, নার্স ও অন্য কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে প্রতিদিন পর্যবেক্ষণ চলছে।৪৭ নৌপথ প্রায় মৃত: সারা দেশের ৪৭টি নৌপথ বন্ধ হওয়ার উপক্রম ও আংশিক মৃত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সুকুমার রঞ্জন ঘোষের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নদীর নাব্যতার অভাবে নৌপথগুলো মৃতপ্রায়। এসব নৌপথের নাব্যতা রক্ষায় ড্রেজিং করার পরিকল্পনা রয়েছে।কামাল আহম্মেদ মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সদরঘাট-গাবতলী রুটে যাত্রী পরিবহনে দেওয়া ওয়াটার বাস দুটিতে যাত্রী না হওয়ায় লোকসানের পরিমাণ বেড়ে গেছে। সে জন্য এ দুটি ওয়াটার বাস আপাতত বন্ধ রয়েছে। মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আর্থিক জোগান নিশ্চিত হলে কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দরের নির্মাণকাজ শুরু হবে। প্রথম পর্যায়ে নয়টি জেটিসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে ২৪টি জেটি ২০৩৫ সালে এবং তৃতীয় পর্যায়ে ২০৫৫ সালে ৫৬টি জেটি নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ের জন্য ১৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। দ্বিতীয় তৃতীয় পর্যায়ের জন্য প্রয়োজন হবে ৬০ হাজার কোটি টাকা।সংসদে বিএনপির অনুপস্থিত সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের আওতায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ১২৮ জন নৌযান চালককে দক্ষতা সনদ দেওয়া হয়েছে। অননুমোদিত নৌযান চালকের কোনো হিসাব বা পরিসংখ্যান নেই।