চিকিৎসক ছাড়াই চলছে আবু মিয়া শিশু হাসপাতাল
পটুয়াখালী জেলায় শুধু শিশুদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য স্থাপিত আবু মিয়া শিশু হাসপাতাল এখন চিকিৎসক ছাড়াই চলছে। ১৯৮০ সালে শহরের পুরাতন হাসপাতাল এলাকায় এ শিশু হাসপাতালটি স্থাপিত হলেও এখানে শিশুদের শয্যার কোনো ব্যবস্থা আজও হয়নি। শুরুতে জেনারেল হাসপাতালের চিকিৎসক এসে শিশুদের চিকিৎসাসেবা দিতেন। পরে একজন শিশুবিষয়ক চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তিনি দুই মাস আগে হাসপাতাল থেকে পালিয়ে যান। তখন থেকে চিকিৎসক ছাড়াই চলছে এ হাসপাতাল।জানা গেছে, ২০০৮ সালের ৬ মার্চ সুলতান আহমেদ নামের এক ব্যক্তিকে শিশুবিষয়ক চিকিৎসক হিসেবে এ হাসপাতালে নিয়োগ দেওয়া হয়। তিনি গত বছরের ৮ ডিসেম্বর হাসপাতাল থেকে পালিয়ে যান। ভুয়া চিকিৎসকের সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছেন—এ তথ্য ফাঁস হয়ে পড়ায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। তখন থেকে একজন চিকিৎসা সহকারী দিয়ে চলছে এ শিশু হাসপাতাল।শিশু হাসপাতালের চিকিৎসা সহকারী সুনীলচন্দ্র হালদার বলেন, ‘বর্তমানে আমিসহ একজন কম্পাউন্ডার, একজন আয়া ও একজন ঝাড়ুদার দিয়ে চলছে এ হাসপাতাল। গত ডিসেম্বর মাসে এখানে ৭৮০টি শিশু ও জানুয়ারি মাসে ৬১৬টি শিশু চিকিৎসাসেবা নিয়েছে।’