চিকিৎসক থাকলেও চিকিৎসা নেই
শুধু অবকাঠামো না থাকায় চিকিৎসক থাকা সত্ত্বেও উল্লাপাড়া উপজেলার আটটি ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এসব ইউনিয়ন হলো সলপ, লাহিড়ীমোহনপুর, বাঙালা, পঞ্চক্রোশী, দুর্গানগর, হাটিকুমরুল, সলঙ্গা ও পূর্ণিমাগাতী। এসব ইউনিয়নে একটি করে উপস্বাস্থ্যকেন্দ্রের অনুমোদন থাকলেও আজ পর্যন্ত এর কোনো অবকাঠামো নির্মিত হয়নি। উপজেলার ১৩টি ইউনিয়নের অবশিষ্ট পাঁচটি ইউনিয়নে উপস্বাস্থ্যকেন্দ্র থাকলেও এর ভবনগুলো এখন ব্যবহারের অনুপযোগী। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, প্রতিটি উপস্বাস্থ্যকেন্দ্রে একজন করে চিকিৎসা কর্মকর্তা (এমও) সেবা প্রদান করে থাকেন। ইতিপূর্বে উল্লাপাড়ার পাঁচটি উপস্বাস্থ্যকেন্দ্রে এমও থাকলেও যেসব উপকেন্দ্রের অবকাঠামো নেই, সেখানে কোনো চিকিৎসা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। কিন্তু বর্তমানে সরকার উল্লাপাড়ার অবকাঠামোবিহীন আটটি উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক নিয়োগ দিয়েছেন। তাঁরা চলতি বছরের ১ জুলাই কাজে যোগ দিয়েছেন। কিন্তু এসব উপকেন্দ্রের কোনো ভবন না থাকায় চিকিৎসাসেবা দিতে পারছেন না। এতে প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিদিন লোকজনকে অর্থ ও শ্রম ব্যয় করে চিকিৎসার জন্য উপজেলা সদরে আসতে হচ্ছে। এতে তাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। উল্লাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকুমার সুরায় জানান, যে আটটি ইউনিয়নে উপস্বাস্থ্যকেন্দ্রের ভবন নেই, সেগুলোতে অবকাঠামো নির্মাণের ব্যাপারে প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ঈমাম (উল্লাপাড়ার বাসিন্দা) ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কাজ করছেন। প্রথম পর্যায়ে সলপ ইউনিয়নে উপস্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণ নিশ্চিত হয়েছে। অবশিষ্টগুলো পর্যায়ক্রমে নির্মিত হবে। এ ছাড়া উপজেলার ব্যবহারের অনুপযোগী উপস্বাস্থ্যকেন্দ্রের ভবনগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলে দ্রুত সংস্কার কাজ হবে বলে তিনি উল্লেখ করেন।