চিকিৎসক দম্পতিকে জরিমানা, কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগনির্ণয় পরীক্ষার প্রতিবেদনে চিকিৎসকের সিল থাকলেও স্বাক্ষর করতেন টেকনিশিয়ান। ছিল না কোনো ডিপ্লোমাধারী সেবিকা ও প্যাথলজিস্ট। হাসপাতালটির অনুমোদনের মেয়াদও শেষ হয়ে গেছে আড়াই বছর আগে। এভাবেই চলছিল রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগের মেডিবাংলা হাসপাতালটি। গতকাল রোববার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত ওই হাসপাতালে অভিযান চালিয়ে এসব অনিয়ম দেখতে পান। এসব অপরাধের কারণে হাসপাতালের মালিক অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ আরিফ হোসেনকে সাত দিনের কারাদণ্ড ও এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা, তাঁর স্ত্রী গাইনি বিশেষজ্ঞ জান্নাতুল ফেরদৌসকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা এবং প্যাথলজি টেকনিশিয়ান এখলাসুর রহমানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। বিকেলে হাসপাতালটিও বন্ধের আদেশ দেন আদালত।র্যাব-১-এর একটি দলকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। তাঁদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিও ছিলেন। র্যাব-১-এর মেজর মোশতাক আহমেদ জানান, ২০৪ মীর হাজিরবাগ বাসাটিতে মেডিবাংলা নামের হাসপাতাল চালাচ্ছিলেন চিকিৎসক দম্পতি আরিফ ও জান্নাতুল। ১০ শয্যার হাসপাতালটিতে ২৩টি শয্যা রয়েছে। চারদিকে অব্যবস্থা। হাসপাতালের প্যাথলজি ল্যাবরেটরির সব প্রতিবেদনেই এম রহমান নামে এক চিকিৎসকের স্বাক্ষর রয়েছে। তাঁদের জিজ্ঞেসাবাদে জানা গেছে, বাস্তবে এ নামে সেখানে কোনো চিকিৎসকই নেই। এম রহমানের সিলের ওপর স্বাক্ষর করতেন টেকনিশিয়ান এখলাসুর রহমান। রোগীদের ধোঁকা দিয়ে বেশি টাকা আদায়ের জন্য এ ব্যবস্থা নিয়েছিলেন তাঁরা।র্যাবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, আড়াই বছর আগে হাসপাতালটির অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর তাঁরা আর অনুমোদন নেওয়ার উদ্যোগ নেননি। অনুমোদন না নেওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল মালিকদের অপরাধগুলোর মধ্যে রয়েছে: রক্ত পরীক্ষা না করেই পরিসঞ্চালন করা, অনুমোদন ও পর্যাপ্ত সুবিধাদি ছাড়াই ব্লাড ব্যাংক গড়ে তোলা, ন্যূনতম ডিপ্লোমাধারী সেবিকা (নার্স) ও প্যাথলজিস্ট না থাকা। এ ছাড়া এম রহমান (এমবিবিএস) নামে এক কল্পিত চিকিৎসকের সিল বানিয়ে তার ওপর স্বাক্ষর করে প্যাথলজি প্রতিবেদন দিতেন টেকনিশিয়ান এখলাসুর। এ জন্য তাঁকেও জরিমানা করা হয়েছে।র্যাবের কর্মকর্তারা জানান, প্রতিবার রক্ত পরিসঞ্চালনের আগে এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া, সিফিলিস—এই পাঁচটি রোগের পরীক্ষার কথা থাকলেও সেখানে এ ধরনের পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না। মাদকাসক্তদের কাছ থেকে রক্ত নিয়ে তা রোগীদের কাছে শুধু রক্তের গ্রুপ মিললেই চড়া দামে বিক্রি করা হতো।র্যাব জানায়, ওই চিকিৎসক দম্পতির শনির আখড়ায় আরেকটি হাসপাতাল রয়েছে। সেটিরও কোনো অনুমোদন নেই বলে তাঁরা জানতে পেরেছেন।চিকিৎসক আরিফকে গতকালই কারাগারে পাঠানো হয়েছে। অভিযান চলাকালে তিনি সাংবাদিকদের বলেন, কম খরচে দরিদ্রদের চিকিৎসাসেবা দেওয়ার জন্যই তিনি এসব পন্থা বেছে নিয়েছিলেন।