আড়াই বছর ধরে অনুমোদন ছাড়াই চলছিল হাসপাতালটি। রোগ নির্ণয় পরীক্ষার প্রতিবেদনে (প্যাথলজি টেস্ট রিপোর্ট) একজন চিকিৎসকের সিল থাকলেও স্বাক্ষর করেন টেকনিসিয়ান। নেই কোনো সনদপ্রাপ্ত সেবিকা ও প্যাথলজিস্ট।আজ রোববার সকালে র্যাবের ভ্রাম্যমাণ আদালত হানা দেওয়ার আগে এভাবেই চলছিল যাত্রাবাড়ীর মীরহাজিরবাগের মেডিবাংলা হাসপাতালটি। হাসপাতালের মালিক এনেসথেসিয়া বিশেষজ্ঞ আরিফ হোসেনকে সাত দিনের কারাদণ্ড ও এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা, তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা এবং হাসপাতালের প্যাথলজি টেকনিসিয়ার এখলাসুর রহমানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।র্যাব-১-এর একটি দলকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। তাঁদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিও ছিলেন। দিনভর হাসপাতালের নানা কাগজপত্র পরীক্ষা করে বিকেলে হাসপাতালটি বন্ধ করে দেন আদালত। একই সঙ্গে হাসপাতালের মালিক দম্পতিকে অর্থ ও কারাদণ্ড দেন। র্যাব-১ এর মেজর মোশতাক আহমেদ জানান, দক্ষিণ যাত্রাবাড়ীর ২০৪ মীরহাজিরবাগের (খালপাড়) বাসাটিতে মেডিবাংলা নামে একটি হাসপাতাল চালাচ্ছিলেন চিকিৎসক দম্পতি আরিফ ও জান্নাতুল। ১০ শয্যার হাসপাতালটিতে ২৩টি শয্যা পাতা হয়েছে। চারদিকেই অব্যবস্থা। হাসপাতালের প্যাথলজি ল্যাবরেটরির সবকটি প্রতিবেদনেই এম রহমান নামের একজন চিকিৎসকের স্বাক্ষর রয়েছে। তবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাস্তবে এ নামে সেখানে কোনো চিকিৎসই নেই। এম রহমানের সিলের ওপর স্বাক্ষর করতেন টেকনিশিয়ান এখলাসুর রহমান। রোগীদের ধোঁকা দিয়ে বেশি পয়সা আদায় করার জন্যই এ ব্যবস্থা নিয়েছিলেন তাঁরা।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, আড়াই বছর আগে হাসপাতালটির অনুমোদনের মেয়াদ শেষ হয়ে যায়। তারপর তাঁরা আর অনুমোদন নেওয়ার কোনো উদ্যোগ নেননি। পরবর্তী সময় অনুমোদন না নেওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল মালিকদের অপরাধগুলোর মধ্যে রয়েছে, রক্ত পরীক্ষা না করেই পরিসঞ্চালন করা, অনুমোদন ও পর্যাপ্ত সুবিধাদি ছাড়াই ব্লাড ব্যাংক গড়ে তোলা, ন্যূনতম ডিপ্লোমা ডিগ্রিধারী সেবিকা (নার্স) বা প্যাথলজিস্ট না থাকা, এম রহমান (এমবিবিএস) নামের এক কল্পিত চিকিৎসকের সিল বানিয়ে তাঁর ওপর স্বাক্ষর করে টেকনিশিয়ান এখলাসুরের প্যাথলজির প্রতিবেদন প্রদান। এ জন্য এখলাসুরকেও জরিমানা করা হয়েছে।