চিকিৎসক নন, তবুও চিকিৎসা দেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশে বসে আছেন রোগী। আর স্বাস্থ্য সহকারী বিল্লাল হোসেন মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকের কাছ থেকে জেনে নিচ্ছেন, রোগীকে কী ওষুধ দেবেন। মুঠোফোনে ওষুধের নাম শুনে তা তুলে দিচ্ছেন রোগীর হাতে।দৃশ্যটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার সাদিকপুর কমিউনিটি ক্লিনিকের। এভাবে মুঠোফোনে কথা বলে চিকিৎসা দেওয়ার কারণ সম্পর্কে বিল্লাল হোসেন বলেন, ‘আমি চিকিৎসক নই। কিন্তু সরকারি নির্দেশে আমাকে চিকিৎসা করতে হচ্ছে।’ তাঁর মতো ঝিনাইদহে আরও ১৯ জন স্বাস্থ্য সহকারী আছেন, যাঁরা উচ্চমাধ্যমিক পাস করে সম্প্রতি চাকরিতে ঢুকেছেন। তাঁরা এখন রীতিমতো রোগী দেখছেন।এ ছাড়া জেলায় প্রায় ২০০ স্বাস্থ্য সহকারী রয়েছেন, যাঁরা সামান্য প্রশিক্ষণের ওপর নির্ভর করে রোগী দেখছেন। এসব কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকেরা ঠিকমতো রোগ নির্ণয় করতে না পারায় তাঁরা যথাযথ চিকিৎসা দিতে পারেন না।সম্প্রতি সাদিকপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, বিথীকা ঘোষ নামের এক রোগী এসেছেন জরায়ুর সমস্যা নিয়ে। রোগীর সঙ্গে কথা বলে স্বাস্থ্য সহকারী বিল্লাল হোসেন মুঠোফোনে কথা বলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আবদুস সাত্তারের সঙ্গে। তারপর তিনি রোগীকে ওষুধ দেন। রাবেয়া খাতুন নামের অপর এক রোগী আসেন চর্মরোগ নিয়ে। কিন্তু রোগ সম্পর্কে বুঝতে না পারায় তাঁকে কোনো ওষুধই দেননি ওই স্বাস্থ্য সহকারী। এইচএসসি পাস বিল্লাল হোসেন সপ্তাহে দুই দিন ক্লিনিকে রোগী দেখেন। প্রতিদিন তাঁকে ৮০ থেকে ৯০ জন রোগী দেখতে হয়।সদর উপজেলার পদ্মকর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সমিরুল ইসলাম জানান, হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা তাঁদের বলে দিয়েছেন, কোন রোগের জন্য কী ওষুধ দেওয়া যাবে। তাঁরা সেভাবে ওষুধ দিয়ে থাকেন। আর জটিল রোগী হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। তিনি বলেন, ‘এটাকে প্রাথমিক চিকিৎসা বলা যায়।’নাম প্রকাশে অনিচ্ছুক ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয়ে কর্মরত একজন চিকিৎসক বলেন, ‘কমিউনিটি ক্লিনিকগুলোতে ৩০ প্রকার ওষুধ আছে। কিন্তু ওসব ক্লিনিকে যেসব স্বাস্থ্য সহকারী আছেন, তাঁদের অনেকে ওষুধের নামও বলতে পারেন না। চিকিৎসাবিজ্ঞানের ওপর তাঁদের কোনো পড়ালেখা নেই, নেই কোনো প্রশিক্ষণও। তার পরও তাঁদের দিয়ে চিকিৎসা করানো হচ্ছে। এটা ঝুঁকিপূর্ণ কাজ। জেলায় ১৯ জন স্বাস্থ্য সহকারী আছেন, যাঁদের এক সপ্তাহেরও কোনো প্রশিক্ষণ নেই। অথচ তাঁরা রোগী দেখছেন।’এ ব্যাপারে জেলা বিএমএর সাবেক সভাপতি রেজাউল করিম বলেন, ‘স্বাস্থ্য সহকারীদের দিয়ে রোগী দেখানো ঠিক নয়। তিন বছরের একটি কোর্স করার পরই শুধু চিকিৎসা সহকারীরা রোগী দেখতে পারেন। কিন্তু স্বাস্থ্য সহকারীদের রোগী দেখার কোনো সুযোগ নেই। ঝুঁকি নিয়ে এভাবে তাঁদের দিয়ে চিকিৎসা করানো ঠিক নয়।’বিএমএর বর্তমান জেলা সভাপতি আজিজুর রহমান বলেন, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক নিয়োগ দেওয়ার চিন্তা রয়েছে সরকারের। আপাতত তাঁদের দিয়ে কাজ চালানো হচ্ছে। ঝিনাইদহের সিভিল সার্জন কেরামত আলী বলেন, ‘ছোটখাটো রোগের ওষুধ দেন স্বাস্থ্য সহকারীরা। তাঁদের নির্দেশ দেওয়া আছে, জটিল রোগ মনে করলে রোগীদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দিতে।’ মুঠোফোনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সমস্যা মনে করলে জেনে নিলে ক্ষতি কী?’