চিকিৎসক না থাকলে সিভিল সার্জনকে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লি এলাকায় চিকিৎসকদের উপস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করার জন্য জেলা সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সিভিল সার্জনদের গাড়ি এবং জেলা-উপজেলা, হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘যদি কোনো চিকিৎসক তাঁর এলাকায় না থাকেন, তাহলে সিভিল সার্জনকেই এর জবাব দিতে হবে। আমি আশা করছি, এখন থেকে জনগণ জেলা-উপজেলা বা ইউনিয়নে চিকিৎসকেরা উপস্থিত থাকেন না বলে আর অভিযোগ করবে না।’প্রধানমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে, জনগণের দেয়া ট্যাক্সের পয়সায় আপনারা ডাক্তার হয়েছেন। তাই জনগণকেও আপনাদের কিছু দেওয়ার আছে।’ তিনি বলেন, অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া কোনো চিকিৎসক গ্রামে থাকতে না চাইলে বুঝতে হবে তাঁর চাকরির প্রয়োজন নেই। সে ক্ষেত্রে নতুন নিয়োগ দেওয়া হবে। গ্রাম ও উপজেলা পর্যায়ে চিকিৎসকদের সমস্যার ব্যাপারে সরকার সচেতন রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রাজধানী ঢাকা থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত সমান হারে বাড়িভাড়া কেটে নেওয়া হয়। উপজেলা পর্যায়ে যেসব চিকিৎসক থাকবেন, তাঁদের নামমাত্র সার্ভিস চার্জের বিনিময়ে আবাসন-ব্যবস্থার কথা সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। অনুষ্ঠানে ৫৭ জন সিভিল সার্জনকে গাড়ি ও উপজেলা পর্যায়ে ১৭৯টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়।প্রধানমন্ত্রী তাঁর ভাষণে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, ‘খুব শিগগির আরও ৫০০ চিকিৎসক, পাঁচ হাজার নার্স ও ১৪ হাজার স্বাস্থ্য সহকারী নিয়োগ করা হবে। এ ছাড়া দুই হাজার ৬৬৪টি নতুন পদও সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ৫০০ ডাক্তার, এক হাজার ৭৪৭ জন নার্স এবং ছয় হাজার ৩৯১ জন স্বাস্থ্য সহকারী নিয়োগ দিয়েছে। এ ছাড়া তিন হাজার ৫০০ চিকিৎসককে পদোন্নতি দেয়া হয়েছে। ইন্টার্নি চিকিৎসকদের চিকিৎসা-ভাতা ছয় হাজার ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা করা হয়েছে।’ শেখ হাসিনা চিকিৎসার মান উন্নয়নে গবেষণার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সরকার গবেষণার কাজে সব ধরনের সহযোগিতা দেবে। যাঁরা গবেষণা করবেন, তাঁদের সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে বলেন, তারা পাঁচ বছরে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি। বর্তমান সরকার উন্নয়নের স্বার্থে দুর্নীতি, সন্ত্রাস এবং সুদখোর ও ঘুষখোরদের হাত থেকে দেশকে মুক্ত করতে চায়। তিনি এ ব্যাপারে জনগণের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মুদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির ও ঢাকার সিভিল সার্জন জসিমউদ্দিন মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমীর হোসেন। মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদসহ বিপুলসংখ্যক চিকিৎসক ও সরকারি কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।