চিকিৎসক নেই, ওষুধ নেই, সেবাও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়িয়া ও গোসাইরহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অপারেশন থিয়েটার রয়েছে। কিন্তু সার্জারি ডাক্তারের (শৈল্যচিকিত্সক) পদ শূন্য থাকায় অপারেশন থিয়েটার চালু করা হয়নি। জাজিরা, ভেদরগঞ্জ ও ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো অপারেশন থিয়েটার খোলা হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জেনারেটর আছে কিন্তু তেলের বরাদ্দ না থাকায় সেগুলো পড়ে আছে। বিদ্যুতের লোডশেডিংয়ের সময় হাসপাতাল অন্ধকারে নিমজ্জিত হয়। গাইনি ডাক্তারের পদ শূন্য থাকায় মহিলা রোগীরা পড়ছে সবচেয়ে বেশি বিড়ম্বনায়। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩১ শয্যার এ হাসপাতালে নয়জন চিকিত্সকের পদ থাকলেও আছেন মাত্র পাঁচজন। চিকিত্সা কর্মকর্তা, ডেন্টাল সার্জন, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ও জুনিয়র কনসালটেন্ট গাইনি পদ দীর্ঘদিন ধরে শূন্য। ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় অপারেশন থিয়েটারের ছাদ চুইয়ে পানি পড়ে। বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে হাসপাতালের এক্স-রে মেশিন বিকল হয়ে পড়েছে। চরকুমারিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা আকবর (৩৫) বলেন, ‘অনেক দূর থেকে এসে তিন ঘণ্টা ধরে বসে আছি। এখনো ডাক্তারের সিরিয়াল পাচ্ছি না।’ কার্তিকপুর গ্রামের মনজুর (২৮) বলেন, ‘দীর্ঘ সময় অপেক্ষা করে ডাক্তার দেখিয়েছি। কিন্তু হাসপাতালে কোনো ওষুধ নেই।’রামভদ্রপুর গ্রামের আমির হোসেন ফকির (৫৫) বলেন, ‘ডাক্তার এক্স-রে করতে বলেছেন। হাসপাতালের এক্স-রে মেশিন নষ্ট থাকায় বাইরে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে করাতে হবে।’ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘চিকিত্সকের সংকটের কারণে এ হাসপাতালে স্বাভাবিক স্বাস্থ্যসেবা দেওয়া যাচ্ছে না। চিকিত্সকের শূন্য পদ পূরণ এবং ওষুধ সরবরাহ বাড়ানোর জন্য সিভিল সার্জন কার্যালয়ে চিঠি দিয়েছি।’ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩১ শয্যার এ হাসপাতালে চিকিত্সকের নয়টি পদের মধ্যে আছেন পাঁচজন। এর মধ্যে জুনিয়র কনসালটেন্ট গাইনি তাজিন আফরিন প্রেষণে শরীয়তপুর সদর হাসপাতালে কাজ করেন। এ ছাড়া শূন্য রয়েছে জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, জুনিয়র কমসালটেন্ট সার্জারি, জুনিয়র কনসালটেন্ট অ্যানেসথেসিয়া ও চিকিত্সা কর্মকর্তার পদ। হাসপাতালে এখনো অপারেশন থিয়েটার চালু হয়নি। কোনো রোগীর জরুরি অপারেশন প্রয়োজন হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। জেনারেটর না থাকায় বিদ্যুত্ চলে গেলে হাসপাতালে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। অ্যাম্বুলেন্সটি পুরোনো হওয়ায় প্রায়ই বিকল হয়ে যায়।শিধলকুড়া গ্রামের ফতেজা বেগম (৫০) বলেন, ‘আমার পা কেটে গেছে। ডাক্তারের কাছে ছুটে এসেছি। তিনি ওষুধ লিখে দিয়েছেন। কিন্তু কাউন্টার থেকে আমাকে এন্টাসিড ওষুধ ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। এন্টাসিড খেলে কি পায়ের ঘা শুকাবে?’ইসলামপুর ইউনিয়নের দারাইশকাঠি গ্রামের সিদ্দিক রাঢ়ি (৫৫) বলেন, ‘আরেক দিন এসে ঘুরে গেছি। ভিড় থাকায় ডাক্তার দেখাতে পারি নাই।’দক্ষিণ ডামুড্যা গ্রামের রানু বেগম (৪০) বলেন, ‘হাসপাতালে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখাতে হয়। টাকা ছাড়া ডাক্তাররা রোগী দেখেন না। যারা টাকা দিতে পারে, তাদের আগে দেখেন।’ধনই গ্রামের ফিরোজা বেগম (৩০) বলেন, ‘এ হাসপাতালে প্রয়োজনে সিজার করার ব্যবস্থা নেই। গর্ভবতী মহিলাদের সিজারের প্রয়োজন হলে শরীয়তপুর যেতে হয়। উপজেলা থেকে ১৫-২০ কিলোমিটার দূরে হওয়ায় যাতায়াতে অনেক অসুবিধা হয়।’ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। শূন্য পদে ডাক্তার দেওয়ার জন্য সিভিল সার্জন কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় রোগীদের চাহিদামতো ওষুধ দেওয়া যাচ্ছে না।’ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩১ শয্যার এ হাসপাতালে আটজন চিকিত্সকের পদ থাকলেও আছেন মাত্র চারজন। এখানে চিকিত্সা কর্মকর্তা, মেডিসিন বিশেষজ্ঞ, জুনিয়র কনসালটেন্ট অ্যানেসথেসিয়া (অবেদনবিদ) ও ডেন্টাল সার্জনের পদ শূন্য রয়েছে। এখানে সরবরাহ করা ওষুধ রোগীদের চাহিদার শতকরা ৪০ ভাগও পূরণ হয় না। চিকিত্সকদের বসার চেয়ার-টেবিলও ঠিকমতো নেই। হাসপাতালে চিকিত্সক ও সেবিকাদের জন্য ১০টি কক্ষের প্রয়োজন হলেও মাত্র চারটি কক্ষ রয়েছে। জরুরি বিভাগে রোগী বসার কোনো আসবাবপত্র নেই। হাসপাতালে জেনারেটর থাকলেও তেলের বরাদ্দ না থাকায় বিদ্যুতের লোডশেডিংয়ের সময় হাসপাতাল অন্ধকারে নিমজ্জিত থাকে। পালের চর ইউনিয়নের বেপারীকান্দি গ্রামের বাসিন্দা সেলিম বেপারী (৩৫) বলেন, ‘অনেক দূর থেকে উপজেলা সদরে এসেছি ডাক্তার দেখাতে। দুই ঘণ্টা ধরে বসে আছি। এখনো ডাক্তারের সিরিয়াল পাচ্ছি না।’ বিলাশপুর ইউনিয়নের মালতকান্দি গ্রামের ইয়াকুব (৩৮) বলেন, ‘দীর্ঘ সময় অপেক্ষা করে ডাক্তার দেখিয়েছি। কিন্তু হাসপাতালে কোনো ওষুধ নেই। আমারা গরিব মানুষ পয়সার অভাবে সরকারি হাসপাতালে ছুটে আসি। এখানে সাহায্য না পেলে কোথায় যাব?’ জয়নগর ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের আবু তালেব মাদবর (৫৫) বলেন, ‘পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি হয়েছি। দিনে দুবার করে নার্স এসে দেখে যান। একদিন মাত্র ডাক্তার এসেছিলেন। হাসপাতাল থেকে কোনো ওষুধ পাইনি, সব বাইরে থেকে কিনেছি।’ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা মো. ইমরান জানান, চিকিত্সকের সংকটের কারণে এ হাসপাতালে স্বাভাবিক স্বাস্থ্যসেবা দেওয়া যাচ্ছে না। আটজন চিকিত্সকের পদ থাকলেও চারজন কর্মরত আছেন। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৩১ শয্যার এ হাসপাতালে নয়জন চিকিত্সকের পদ থাকলেও কর্মরত আছেন পাঁচজন। চিকিত্সা কর্মকর্তা, জুনিয়র কনসালটেন্ট গাইনি, জুনিয়র কনসালটেন্ট সার্জারি ও ডেন্টাল সার্জনের পদ শূন্য রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমদাদুল হক বদলি হওয়ার পর এ পদটিও শূন্য রয়েছে। চিকিত্সকদের বসার জন্য প্রয়োজনীয় চেয়ার-টেবিল নেই, জরুরি বিভাগে রোগী বসার কোনো আসবাবপত্র নেই। জেনারেটর থাকলেও তেলের বরাদ্দ না থাকায় বিদ্যুতের লোডশেডিংয়ের সময় হাসপাতাল অন্ধকারে নিমজ্জিত থাকে।ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের সিরাজুল ইসলাম (৪৫) বলেন, ‘উপজেলা সদরে এসেছি ডাক্তার দেখাতে। তিন ঘণ্টা ধরে বসে আছি। এখনো ডাক্তারের সিরিয়াল পাচ্ছি না। সরকারি হাসপাতালে এসে বসে থেকে ডাক্তার দেখাতে হয়। ডাক্তার দেখাতে এলে সারা দিন চলে যায়। আমাদের মতো গরিব মানুষের কাজের ক্ষতি হয়।’ঘড়িষার ইউনিয়নের মনিরাবাদ গ্রামের আইয়ুব আলী (৪৮) বলেন, পদ্মা নদী পার হয়ে উপজেলা সদরে ডাক্তার দেখাতে এসেছি। অনেক সময় ধরে অপেক্ষা করছি, ডাক্তারের সিরিয়াল পাচ্ছি না। কখন ডাক্তার পাওয়া যাবে তাও জানি না।’নওপাড়া ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের আবু জাফর (৫০) বলেন, ‘আমরা জানি, এখান থেকে বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়। কিন্তু ডাক্তার হাতে স্লিপ ধরিয়ে দিয়েছেন, কোনো ওষুধ পাইনি।’নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা গোলাম ফারুক জানান, চিকিত্সকের সংকটের কারণে এ হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালাতে অসুবিধা হয়। প্রতিদিন বহির্বিভাগে ৫০০-৬০০ রোগী ভিড় করে। কর্মরত চিকিত্সকদের অতিরিক্ত পরিশ্রম করে রোগী দেখতে হয়। হাসপাতালে বরাদ্দ করা ওষুধ প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই সব রোগীকে ওষুধ দেওয়া যাচ্ছে না।গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩১ শয্যার এ হাসপাতালে নয়জন চিকিত্সক, নয়জন সিনিয়র স্টাফ নার্স ও দুজন জুনিয়র নার্সের পদ রয়েছে। এর মধ্যে কাগজে-কলমে কর্মরত আছেন পাঁচজন। এখান থেকে আবার একজন চিকিত্সা কর্মকর্তা মফিজুর রহমান শরীয়তপুর সদর হাসপাতালে প্রেষণে কাজ করেন। ফলে চারজন চিকিত্সক দিয়ে চলছে এ স্বাস্থ্য কমপ্লেক্স। আর চারজন সিনিয়র স্টাফ নার্স ও একজন জুনিয়র নার্সকে কর্মরত দেখানো হয়েছে।হাসপাতালে অত্যাধুনিক অপারেশন থিয়েটার রয়েছে। কিন্তু সার্জারি চিকিত্সকের পদটি শূন্য থাকায় কোনো অপারেশন হয় না। স্ত্রীরোগ বিশেষজ্ঞ (গাইনি) চিকিত্সকের পদ শূন্য রয়েছে কয়েক বছর ধরে। ফলে প্রসূতি মায়েরা নানা ধরনের বিড়ম্বনার শিকার হন। হাসপাতালের অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে পড়ে আছে।চরধিপুর গ্রামের লাভলী বেগম (৩২) বলেন, ‘আমার আড়াই বছরের বাচ্চা আশিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তিন দিন ধরে হাসপাতালের বারান্দায় আছি। ভেতরে সিট না থাকায় বারান্দায় কষ্ট করে থাকতে হচ্ছে। এ পর্যন্ত এক দিন ডাক্তার এসেছিলেন।’ নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের আব্দুর রহমান (৮০) বলেন, ‘আট দিন হলো হাসপাতালে ভর্তি আছি। ভর্তি হওয়ার সময় কিচিত্সক ওষুধ লিখে দিয়েছেন। নার্সরা মাঝেমধ্যে আসেন, চিকিত্সক আসেন না। সব ওষুধ বাহির থেকে কিনে আনতে হয়।’ হাসপাতালে ভর্তি হওয়ার জন্য জরুরি বিভাগের টেবিলের ওপর বসে চিকিত্সকের জন্য অপেক্ষা করছিলেন সামন্তসার গ্রামের লাল মিয়া (৫০)। জরুরি বিভাগে কোনো চিকিত্সক নেই। তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছেন তিনি। শরীরে প্রচণ্ড জ্বর, বসে থাকতে পারছেন না। পাশেই স্ত্রী হাসিনা (৪০) কান্নাকাটি করছেন।এ ব্যাপারে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পরিমল চন্দ্র কর্মকার বলেন, ‘হাসপাতালে চিকিত্সক সংকট থাকায় জরুরি বিভাগে কোনো চিকিত্সক দায়িত্বে থাকেন না। বহির্বিভাগে রোগী দেখা শেষ হলে কর্তব্যরত চিকিত্সক জরুরি বিভাগে আসবেন। রোগীদের আমরাই ভর্তি করে থাকি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ‘হাসপাতালে ওষুধের যে বরাদ্দ পাওয়া যায় তা দিয়ে চার মাসের বেশি চালানো সম্ভব নয়। রোগীদের চাহিদা অনুযায়ী আমরা ওষুধ সরবরাহ না করতে পারায় রোগীরা আমাদের ভুল বোঝে। চিকিত্সক সংকটের বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি।’