চিকিৎসক নেই ওষুধ নেই
কুষ্টিয়া জেলার সার্বিক স্বাস্থ্যসেবা চিত্র ভাল নয়। জেলার প্রায় ১৮ লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য ২১২ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে আছে মাত্র ৯৬জন। ১১৬টি পদই শুন্য রয়েছে। অভাব রয়েছে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর। সদর হাসপাতাল, পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং স্বাস্থ্য উপকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জনবল না থাকায় তৃণমূল পর্যায়ে জনগন চিকিৎসা সেবা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছে।কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের অপারেশন করতে হয় টাকা দিয়ে। অপারেশনের আগে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০০ টাকা দিতে হয়। সরেজমিনে ৩ মে হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলে এসব জানা যায়। উপজেলার সদকী ইউনিয়নের বড় মালিহাট গ্রামের লালচাঁদ মিয়া গত সপ্তাহে হাসপাতালে এপেন্ডিসাইড অপারেশন করেছেন। তিনি বলেন, ‘অপারেশনের আগে ৫০০ টাকা দিয়েছি। এমন সবারই দেওয়া লাগে।’আবদুল হক তাঁর স্ত্রী নাজমাকে শয্যাশায়ী অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছেন। তাঁকে ট্রলিতে করে ওয়ার্ডে নেওয়ার মানুষ ও ট্রলি খুঁজে পাচ্ছেন না। তিনি জানতে পারেন হাসপাতালে ট্রলি নেই। শেষ পর্যন্ত তিনি নিজেই কোলে করে তাঁর স্ত্রীকে দোতলায় নিয়ে যান। হাসপাতালের হিসাবরক্ষক বদরুল মুনির জানান, ৫০ শয্যার এ হাসপাতালে অবকাঠামো গত বছর তৈরি হয়েছে। জনবল নিয়োগের জন্য প্রতি মাসে চিঠি দেওয়া হয়। কিন্তু কোনো কাজ হয় না। বর্তমানে এ হাসপাতালে ২০ জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র ছয়জন। এত কম সংখ্যক চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হয়। হাসপাতালের অ্যাম্বুলেন্স থাকলেও রোগী নিয়ে যাওয়ার পথে প্রায়ই নষ্ট হয়ে যায়। জেনারেটর থাকলেও তেলের অভাবে পড়ে থাকে। হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। শুধু রক্তের কয়েকটি পরীক্ষা করা হয়। বাকি পরীক্ষা বাইরে থেকে করতে হয়।হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন আতিয়ার রহমান বলেন, ‘২ মে রাতে হাসপাতালে পায়ের সমস্যা নিয়ে ভর্তি হয়েছি। বেলা ১১টা বেজে গেছে; কিন্তু কোনো ডাক্তারের দেখা মেলে না। অনেক চিল্লাচিল্লি করলে ডাক্তার আসেন।’হাসপাতালের আবাসিক চিকিৎসক আকুল উদ্দীন বলেন, ‘প্রয়োজনের তুলনায় হাসপাতালে ওষুধ খুবই কম। হাসপাতালে কোনো কর্মচারী নেই। ট্রলিও নেই। অপারেশনের সময় যে ৫০০ টাকা নেওয়া হয় তা হাসপাতালের সুইপার ও অন্যান্য জায়গায় খরচ করা হয়। এ ছাড়া অক্সিজেনের সিলিন্ডারের অভাবের কারণে অনেক সময় বাইরে থেকে কিনতে হয়। তখন ওই টাকা ব্যবহার করা হয়।’খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুষ্টিয়ার ৩১ শয্যাবিশিষ্ট খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসকের মধ্যে আছেন সাতজন। এর মধ্যে দুজন প্রেষণে জেনারেল হাসপাতালে কাজ করেন। মাত্র পাঁচজন চিকিৎসক দিয়ে চলছে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্স। সার্জিকেল, গাইনি, মেডিসিন ও এনেস্থেসিয়ার চিকিৎসক নেই। এমনকি এখানে এক বছর ধরে আবাসিক চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ৩ মে সরেজমিনে দেখা যায়, বহির্বিভাগে রোগীরা সেবা নিলেও ওষুধ পাচ্ছেন না। হাসিনা খাতুন এসেছেন কানের সমস্যা নিয়ে। দুটো বড়ি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, ‘কানের সমস্যায় কোন বড়ি খালি পারি ভাল হবি?’হাসপাতালে ওষুধের একটি তালিকা থাকলেও তা প্রতিদিন হালনাগাদ করা হয় না। দীর্ঘদিন ধরে হাসপাতালের জেনারেটর নষ্ট হয়ে পড়ে আছে। সার্জন না থাকার কারণে কোনো অপারেশন করা হয় না। জরুরি রোগীদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল বা ফরিদপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘৫০ শয্যার অবকাঠামো তৈরি হচ্ছে। কিন্তু জনবল নেই। যেসব সেবিকা ও কর্মচারী রয়েছেন তাঁদের বেশির ভাগই প্রেষণে জেনারেল হাসপাতালে কাজ করেন। এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। মলমূত্র ও রক্তের পরীক্ষা করা হয়। এ ছাড়া কোনো পরীক্ষা করতে হলে বাইরে থেকে করা লাগে।’মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সআজমত আলী ১ মে সকাল নয়টায় এসেছেন মিরপুর উপজেলা হাসপাতালে। হাত ভেঙে গেছে। বিকেলে একজন এসে তাঁকে বলে এক্স-রে করাতে। রাতে এক্স-রে দেখে হাতের হাড় ভেঙে গেছে বলে তাঁকে জানানো হয়। রাত পার হলেও তাঁর হাতের প্লাস্টার কেউই করে দেয়নি। উপজেলার শেরপুর গ্রামের ময়না খাতুন তাঁর মেয়ে দীপালিকে নিয়ে এসেছেন। তাঁর পেটে ব্যথা। জরুরি বিভাগে থাকা একজন তাঁকে একটি ইনজেকশন দিয়ে সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন।হাসপাতালে থাকা কিছু রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, এমন ঘটনা প্রতিদিনের। এখানে এলে রোগীদের সঙ্গে সঙ্গে সদরে পাঠানো হয়। রোগীদের অভিভাবকেরা অভিযোগ করেন, এখানে কোনো ডাক্তার নেই। তাই প্রাথমিক চিকিৎসা শেষে রোগীদের সদর হাসপাতালে পাঠানো হয়।মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও চিকিৎসক-সংকট দূর করার দাবিতে মিরপুরবাসী মানববন্ধন করেছে। কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ ১৪টি দপ্তরে স্মারকলিপিও দেওয়া হয়েছে।স্মারকলিপিতে হাসপাতালের চিকিৎসক-সংকট দূর করা, ৫০ শয্যার কার্যক্রম চালু, প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের মাধ্যমে অপারেশন থিয়েটার চালু, পর্যাপ্ত ওষুধ সরবরাহ, অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা, কর্তব্যরত চিকিৎসকদের হাসপাতাল ক্যাম্পাসে অবস্থান নিশ্চিত করা ও জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসকের অবস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়।হাসপাতাল সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার তিন লাখ ২০ হাজার মানুষের সেবার লক্ষ্যে ১৯৬৭ সালে ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স যাত্রা শুরু করে। ২০০৮ সালে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও, জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন, সার্জারি, গাইনি, অ্যানেসথেসিয়া, কার্ডিওলজি, চক্ষু, অর্থোপেডিক ও দুজন মেডিকেল অফিসারসহ ২০ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র সাতজন। এর মধ্যে তিনজন প্রেষণে (ডেপুটেশনে) কুষ্টিয়া সদরে জেনারেল হাসপাতালে কর্মরত আছেন। ডেপুটেশনে থাকা চিকিৎসকেরা জেনারেল হাসপাতালে কর্মরত থাকলেও মাস শেষে বেতন নেন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই। এদিকে এখানে সেবিকা ১৫ জনের স্থলে আছেন মাত্র আটজন। এখানে ইসিজি মেশিন থাকলেও অপারেটরের অভাবে পড়ে আছে। আধুনিক এক্স-রে মেশিন থাকলেও পর্যাপ্ত জায়গার অভাবে তা স্থাপন করা সম্ভব হচ্ছে না। প্রায় ১০ বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে অ্যাম্বুলেন্সটি। জেনারেটর থাকলেও তেল বরাদ্দ না থাকায় তা অকেজো অবস্থায় পড়ে আছে। বর্তমানে তিনজন সহকারী চিকিৎসা কর্মকর্তা রোগীদের সেবা দিচ্ছেন।দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকুষ্টিয়া জেলার সবচেয়ে বড় এবং সীমান্তবর্তী দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তার পদ দুই বছর ধরে শূন্য। এখানে নয়জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র পাঁচজন। এর মধ্যে একজন প্রেষণে অন্যত্র কাজ করেন। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি ও দাঁতের চিকিৎসকের পদ শূন্য থাকলেও কোনো দিনই তা পূরণ হয়নি।হাতে গোনা চারজন চিকিৎসকই নিয়মিত উপজেলার প্রায় তিন লাখ মানুষকে চিকিৎসাসেবা দেন। একটি অ্যাম্বুলেন্স থাকলেও পুরোনো হয়ে যাওয়ায় তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালেহ উদ্দিন জানান, ‘কমসংখ্যক জনবল নিয়ে এত বড় একটি উপজেলায় চিকিৎসা দেওয়া দুরূহ হয়ে পড়েছে। ছোটখাটো অপারেশন ছাড়া বড় কিছু হলে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।’ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সআবাসিক চিকিৎসক ছাড়া মাত্র চারজন চিকিৎসক দিয়ে চলছে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যার এই হাসপাতালে ২০ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে চিকিৎসক রয়েছেন মাত্র চারজন। এখানে দুজন কনসালটেন্ট এবং দুজন চিকিৎসা কর্মকর্তা দিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর এই ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যসেবা পরিচালনা করা হচ্ছে। গত ২৯ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তোহুর আহমেদ কামালী ও সিনিয়র চিকিৎসা কর্মকর্তা আমিরুল ইসলামকে প্রশাসনিক কারণে অন্যত্র বদলি করা হয়। আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে সাতক্ষীরা জেলার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিনিয়র চিকিৎসা কর্মকর্তা আমিরুল ইসলামকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। স্বাস্থ্য সহকারীর বেশির ভাগ পদই শূন্য। ফার্মাসিস্টের দুটি পদই শূন্য। সেবিকার পদ চারজন খালি, ওয়ার্ডবয়, এমএলএসএস ও নৈশপ্রহরী একজন করে আছেন। সুইপার না থাকায় ঠিকমতো হাসপাতাল পরিষ্কার করা হয় না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, ‘চিকিৎসক ও জনবলের সংকটের কারণে হাসপাতালের এই অবস্থা। আমার একার পক্ষে সব দায়িত্ব পালন করাসহ প্রতিদিন প্রায় শতাধিক রোগী দেখা কষ্টসাধ্য। হাসপাতালে সার্জারি ও গাইনি চিকিৎসক না থাকায় এখানে কোনো অপারেশন করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া ওষুধের সংকটের কারণে অনেক সময় রোগীদের সঙ্গে বাগিবতণ্ডা হয়।’ইউনিয়ন পর্যায়ে প্রত্যাশিত চিকিৎসাসেবা পাচ্ছে নাকুষ্টিয়া জেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর একেকটির চিত্র একেক ধরনের। একটির অবস্থা সুষ্ঠু স্বাভাবিক হলে পাশাপাশি অন্যগুলোর অবস্থা নাজুক ও করুণ। জেলায় ইউপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র রয়েছে ৩৬টি এবং উপস্বাস্থ্যকেন্দ্র আছে ২৫টি (রাজস্ব)। তার মধ্যে ছয়টি উন্নয়ন, অচল রয়েছে তিনটি।খোঁজ নিয়ে জানা গেছে, এসব কেন্দ্র থেকে প্রত্যন্ত গ্রামের সাধারণ রোগীরা প্রত্যাশিত চিকিৎসাসেবা পাচ্ছে না। স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলো খোলা থাকলেও রয়েছে চিকিৎসকের সংকট। দৌলতপুর উপজেলার ১৮টি উপস্বাস্থ্য এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের মধ্যে ১৪টিতে চিকিৎসা কর্মকর্তা নেই।জেলার সীমান্তবর্তী ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমদ্দীন বলেন, ‘ইউপি ভবনের পাশেই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র। কিন্তু এখানে বছরের পর বছর ধরে কোনো চিকিৎসক নেই। প্রায় বন্ধ থাকে। উপজেলা সমন্বয় সভায় বলা হলেও কোনো কাজ হয় না। ফলে গ্রামের মানুষের ভোগান্তি পোহাতে হয়।’মিরপুর উপজেলার সদরপুর ইউপি চেয়ারম্যান আবদুল হক বলেন, ‘এ এলাকার মানুষেরা পরিবার পরিকল্পনার স্বাস্থ্যসেবা সঠিকভাবে পায় না। এখানে কোনো মেডিকেল কর্মকর্তা নেই। ওষুধও ঠিকমতো পাওয়া যায় না।’মিরপুর উপজেলার মিঠন গ্রামের বাসিন্দা শামীম হোসেন বলেন, ‘উপস্বাস্থ্যকেন্দ্রে কোনো সেবা পাওয়া যায় না। ওষুধের সংকট থাকে সব সময়।’পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জেসমিন আকতার বলেন, ‘জেলায় পরিবার কল্যাণকেন্দ্রগুলোতে কোনো চিকিৎসকের সংকট নেই। তবে কেন্দ্রগুলো বেশির ভাগই প্রত্যন্ত গ্রামাঞ্চলে। কোনোটা ধুধু মাঠের মধ্যে। ফলে বেশির ভাগ চিকিৎসা কর্মকর্তাই কর্মস্থলে থাকেন না। এ ব্যাপারে মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে চিঠি পাঠানো হয় কোনো ফল পাওয়া যায় না।’একনজরে জেলার লোকসংখ্যা: প্রায় ১৮ লাখ সরকারি হাসপাতাল: একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: পাঁচটি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট: একটি বক্ষব্যাধি ক্লিনিক: একটি কমিউনিটি ক্লিনিক: প্রস্তাবিত ২০৫টি, নির্মাণ হয়েছে ১৮৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র: ৩৬টি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র: ২৫টি (রাজস্ব), ছয়টি উন্নয়ন, অচল তিনটি চিকিৎসকের পদ: ২১২টি, আছে ৯৬ জন, শূন্য ১১৬টি অন্যান্য কর্মকর্তা-কর্মচারী: পদ ১২২৮টি, আছে ৮৬৭ জন, শূন্য ১১৬টি সরকারি অ্যাম্বুলেন্স: ১০টি, সচল সাতটি, অচল তিনটি এক্স-রে মেশিন: ১০টি, সচল আটটি, অচল দুটি বেসরকারি ক্লিনিক: ৬৭টি। রেজিস্ট্রেশন আছে ৬১টির, নেই ছয়টির প্যাথলজি সেন্টার: ৫৫টি। রেজিস্ট্রেশন আছে ৪৯টির, নেই ছয়টির।