চিকিৎসক নেই প্রায় দুই যুগ রোগী দেখেন সহকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তহমিনা খাতুন চিকিৎসা সহকারী কিন্তু দায়িত্ব পালন করেন মেডিকেল অফিসারের (চিকিৎসক)। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে কর্মরত আছেন তিনি। এই কেন্দ্রে একজন মেডিকেল অফিসারের পোস্ট থাকলেও চিকিৎসক না থাকায় দীর্ঘ এক যুগ তিনিই এই দায়িত্ব পালন করে আসছেন। কেন্দ্রটিতে শূন্য রয়েছে ফার্মাসিস্ট পদটিও। তহমিনা খাতুনকে সেই দায়িত্বও পালন করতে হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, তহমিনা খাতুনের যোগ দেওয়ার আরও ছয়-সাত বছর আগে এখানে কোনো চিকিৎসক নেই। মাঝেমধ্যে দুই-একজন চিকিৎসক পোস্টিং পেয়ে এখানে যোগ দিলেও দায়িত্ব পালন করেননি। ডেপুটেশন অথবা ছুটি নিয়ে অন্যত্র চলে গেছেন। দেড় বছর হতে চলল ফার্মাসিস্ট নজরুল ইসলাম অবসরে গেছেন। এরপর নতুন কোনো ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হয়নি। পদ থাকলেও লোক না থাকায় জনসাধারণ ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছে না।বলরামপুর গ্রামের বাসিন্দা, নিয়ামতপুর ইউনিয়নের সাবেক মেম্বার আবদুল আজিজ জানান, ১৯৪৭ সালে বলরামপুর গ্রামের বাসিন্দা নরেন্দ্রনাথ চ্যাটার্জি তাঁর বাবা দীননাথ চ্যাটার্জির নামে বলরামপুর গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা নিজেও একজন চিকিৎসক ছিলেন। তিনি মাঝেমধ্যে এখানে এসে বিনা মূল্যে রোগী দেখতেন। এভাবে কিছুদিন চলার পর ১৯৬৭ সালে সরকার এটা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সেই থেকে এটি উপস্বাস্থ্যকেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছে। পার্শ্ববর্তী ২০ গ্রামের মানুষ এখানে চিকিৎসা নিতে আসতেন। এখানে একজন চিকিৎসক, একজন চিকিৎসা সহকারী, একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএসের পদ রয়েছে। বর্তমানে একজন চিকিৎসা সহকারী ও একজন এমএলএসএস কর্মরত আছেন। চিকিৎসক ও ফার্মাসিস্ট পদ দুটি শূন্য রয়েছে। ৫ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, চিকিৎসা সহকারী তহমিনা খাতুন রোগী দেখছেন। এই দিন রোগী এসেছেন ৫৫ জন। তহমিনা খাতুন জানান, চিকিৎসক না থাকায় তাঁকেই রোগী দেখতে হয়। পাশাপাশি ফার্মাসিস্টও নেই প্রায় দেড় বছর। তাঁর দায়িত্বও তিনি পালন করছেন। ১৯৯৯ সালের ৩ ফেব্রুয়ারি তিনি এই কেন্দ্রে যোগ দেন। এরপর দীর্ঘ প্রায় এক যুগে কোনো চিকিৎসক থাকতে দেখেননি। কয়েকদিন ইকবাল হোসেন নামের একজন চিকিৎসক এসেছিলেন। পরে তিনিও চলে গেছেন। গ্রামে কেন্দ্রটি হওয়ায় এখানে কোনো চিকিৎসক থাকেন না। তাঁকেই রোগী দেখতে হয়। তাঁর যোগ দেওয়ার আগে ফার্মাসিস্ট নজরুল ইসলাম রোগী দেখতেন। বলরামপুর গ্রামের গোলাম মোস্তফা জানান, এটাকে এলাকার মানুষ চিকিৎসক ছাড়া হাসপাতাল হিসেবে চেনে। বিগত ১৮-২০ বছর এখানে কোনো চিকিৎসক তারা দেখেনি। কর্মরত অন্যদের কাছে শোনা যায়, মাঝেমধ্যে দুই-একজন চিকিৎসক যোগ দেন কিন্তু আসেন না। তাঁরা ছুটি নিয়ে অথবা ডেপুটেশনে অন্যত্র চলে যান। এভাবে চলার কারণে এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই দীর্ঘ সময়ে চিকিৎসা হিসেবে সোহেলী পারভীন, কামরুল ইসলাম, আশরাফুল আলম, ইকবাল হোসেন, তারিক আক্তার খানসহ বেশ কয়েকজন পোস্টিং নিয়ে এসেছেন। কিন্তু এঁদের কেউ কেন্দ্রে বসেননি। সর্বশেষ তারিক আক্তার খান ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারি এখানে যোগ দেন। তিনি যোগ দিয়েই ডেপুটেশনে চলে যান। যোগ দেওয়ার দিন ছাড়া তিনি আর কোনো দিন কেন্দ্রে আসেননি। ২০০৯ সালের ৩০ জুলাই তিনি এখান থেকে বদলি হয়েছেন। এরপর এক বছরের বেশি সময় কোনো চিকিৎসক পোস্টিং দেওয়া হয়নি।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরুণ কুমার জানান, গ্রাম এলাকা হওয়ায় এখানে কেউ থাকতে চান না। যাঁদের পোস্টিং দেওয়া হয়, তাঁরা ডেপুটেশনে অথবা বেতন ছাড়া ছুটি নিয়ে চলে যান। আর বর্তমানে সেখানে কোনো চিকিৎসক পোস্টিং নেই। নতুন করে কোনো চিকিৎসক পোস্টিং দেওয়া হলে তাঁর সেখানে কর্মরত রাখার বিষয়টি তিনি দেখবেন।