চিকিৎসক নেই লোহাগড়া পশু হাসপাতালে
‘সেবা না পাওয়া গেলে জেলা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন’— নড়াইলের লোহাগড়া উপজেলা পশু হাসপাতালের সামনে টাঙানো সিটিজেন চার্টারে এ কথা লেখা আছে। কিন্তু এ হাসপাতালে কোনো চিকিৎসক নেই। খোঁজ নিয়ে জানা গেছে, চিকিৎসকের দুটি পদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমলেন্দু ঘোষ ২০০৭ সালের মার্চ থেকে প্রেষণে অন্যত্র রয়েছেন এবং ভেটেরিনারি সার্জন তপনেশ্বর রায় গত এপ্রিল মাসে বদলি হওয়ার পর থেকে এ পদটি শূন্য। লোহাগড়া পশু হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলায় ৭০টি পোলট্রি ও ১৫টি ডেইরি ফার্ম আছে। প্রায় ৪০ হাজার পরিবারের নিজস্ব হাঁস-মুরগি ও গরু-ছাগল আছে। এসব প্রাণীর দৈনন্দিন চিকিৎসা, রোগ-ব্যাধির প্রাদুর্ভাব মোকাবিলা, প্রতিষেধক টিকা দান, কৃত্রিম প্রজনন ও পশু পালন প্রশিক্ষণসহ প্রশাসনিক কাজে চিকিৎসকের প্রয়োজন।আড়িয়ারা গ্রামের ডেইরি ফার্মের মলিক মো. দৌলত হোসেন বলেন, ‘আমার প্রায় ৮০ হাজার টাকা দামের একটি গাভী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের অভাবে দিশেহারা হয়ে পড়ি। তখন মুঠোফোনে যোগাযোগ করে যশোরের এক পশু চিকিৎসকের কাছ থেকে ব্যবস্থাপত্র নিই। তাতেও কাজ হচ্ছে না। গরু না দেখে কি চিকিৎসা দেওয়া যায়?’ আমডাঙ্গা গ্রামের কুদ্দুস মোল্লা, আড়িয়ারা গ্রামের লুৎফর রহমান, মঙ্গলহাটার ইউছুফ মোল্লা, রমজান মোল্লাসহ কয়েকজন জানান, বাড়ির হাঁস-মুরগি ও গরু-ছাগলের চিকিৎসার জন্য তাঁরা এসে চিকিৎসক না পেয়ে ফিরে যাচ্ছেন।লোহাগড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নড়াইল সদর উপজেলার কর্মকর্তা পীযুষ কান্তি ঘোষ বলেন, ‘একসঙ্গে দুই জায়গার চিকিৎসা কার্যক্রম চালানো একার পক্ষে কোনো অবস্থায় সম্ভব নয়। এ ছাড়া রয়েছে প্রশাসনিক কাজ, সভা-সেমিনার ও প্রশিক্ষণ। তাই খুব কষ্টে আছি। প্রাণিসম্পদের দিক দিয়ে লোহাগড়া খুবই গুরুত্বপূর্ণ উপজেলা। এ জন্য দ্রুত শূন্য পদ পূরণ করা দরকার।’এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলী আকবর বলেন, ‘চিকিৎসক ছাড়া হাসপাতালের দৈনন্দিন চিকিৎসা কার্যক্রম একদিনও চলে না। এ ছাড়া হঠাৎ কোনো রোগের প্রাদুর্ভাব হলে তা সামাল দেওয়া সম্ভব নয়। তাই লোহাগড়া উপজেলায় প্রাণিসম্পদের কোনো সেবাই দেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে মহাপরিচালকের কাছে লিখিতভাবে জানিয়েছি।’