রাজশাহীতে এক চিকিৎসক পরিবারকে জিম্মি করে পুলিশ তাঁদের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দুই উপপরিদর্শক (এসআই) ও পাঁচ কনস্টেবলকে গত বুধবার রাতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরএমপির সদর দপ্তরের সহকারী কমিশনার (এসি) তৌফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁকে বরখাস্তের জন্য পুলিশ সদর দপ্তরকে সুপারিশ করা হয়েছে।বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন: রাজপাড়া থানার এসআই মাসুদ রানা ও মতিউর রহমান এবং কনস্টেবল আতিকুর রহমান, গোলাম মোস্তফা, আখতার হোসেন, ইসলাম হোসেন ও সবুজ।স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার তৌফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের ওই দলটি গত বুধবার সন্ধ্যায় নগরের ঝাউতলা মিঠুর মোড় এলাকায় চিকিৎসক এ আর বাসুনিয়ার বাড়িতে যায়। তাঁর বাড়িতে অবৈধভাবে রসুন মজুদ করা হয়েছে জানিয়ে তল্লাশির নামে বাসায় ঢোকে পুলিশ।বাসুনিয়ার শ্যালক মাসুদুর রহমান সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তাঁর ভগ্নিপতি, তাঁর বোন ফাতেমা জাহারা ও ভাগনি মারিয়া রফিক ওই সময় বাসায় ছিলেন। পুলিশ বাসার ভেতরে ঢুকেই সবাইকে জিম্মি করে ফেলে। মুঠোফোন থেকে তাঁদের ফোন করতে দেয়নি, এমনকি বাইরের ফোন ধরতেও দেয়নি। এ সময় পুলিশ ফোনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ কমিশনারের কার্যালয়ে ফোন করে তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসতে বলে। তখন পুলিশের এক সোর্স বাসুনিয়াকে বলেন, ‘এরা খুব খারাপ লোক। আপনাদের বড় বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি এক লাখ টাকা দিয়ে দেন।’মাসুদুর রহমান আরও বলেন, বাড়িতে মাত্র ১০ হাজার টাকা ছিল। সে সময় বাইরে থেকে তাঁর ভাগনে ফাহিম তাঁর মায়ের ফোনে ফোন করলেও পুলিশ ধরতে দেয়নি। কিছুক্ষণ পর ফাহিম বাসায় ঢুকলে তারা তাঁকেও জিম্মি করে ফেলে। একপর্যায়ে টাকার জন্য তাঁর বোন বাইরে ফোন করতে চাইলে পুলিশ ফোনের লাউড স্পিকার দিয়ে ফোন করার অনুমতি দেয়। তাঁর বোন মার্কেন্টাইল ব্যাংকের রংপুর শাখায় কর্মরত তাঁর ভাই রুহুল আমিন সিদ্দিকীকে ফোন করে টাকা জোগাড় করে দিতে বলেন। রুহুল আমিন মার্কেন্টাইল ব্যাংকের রাজশাহী শাখায় ফোন করে তাঁর সাবেক সহকর্মী অসীম কুমার দাসকে টাকা জোগাড় করে দেওয়ার অনুরোধ করেন। এরপর এসআই মাসুদ রানা ফাহিমকে তাঁর মোটরসাইকেলে তুলে নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের সাহেব বাজার শাখার সামনে যান। সেখানে অসীম কুমার দাস ৯০ হাজার টাকা ফাহিমের হাতে তুলে নেন। ফাহিম টাকা নিয়ে বাড়িতে এসে পুলিশের হাতে তুলে দেন। এরপর পুলিশ মোট এক লাখ টাকা নিয়ে চলে যায়।মাসুদুর রহমান বলেন, যাওয়ার সময় পুলিশ সাদা কাগজে তাঁর বোনের কাছ থেকে এই মর্মে স্বাক্ষর নেয় যে, তিনি পুলিশের ওই সোর্সের কাছে ২০ হাজার টাকার রসুন বিক্রি করেছেন। পরে এই কাগজ দেখিয়ে পুলিশের সোর্স যাতে বাসা থেকে রসুনগুলো নিয়ে যেতে পারে।মাসুদ বলেন, পুলিশ চলে যাওয়ার পর রাত সোয়া আটটার দিকে তাঁর বোন তাঁকে ফোন করে ঘটনা জানান। তিনি তখন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে কর্মরত তাঁর এক বন্ধুকে জানান। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যদের আরএমপি সদর দপ্তরে ডেকে আনা হয়। আরএমপির উপকমিশনার (সদর) মোর্শেদুল আনোয়ার খানের কার্যালয়ে গভীর রাত পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।রাত দুইটার দিকে মোর্শেদুল আনোয়ার সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্যদের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া গেছে। ফলে সাময়িকভাবে তাঁদের বরখাস্ত করা হয়েছে। আর তৌফিকুল ইসলামকে আরএমপির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে বরখাস্ত করার জন্য পুলিশ সদর দপ্তরে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঠিক করা হবে, তাঁদের কার কী শাস্তি দেওয়া যায়।গতকাল দুপুরে মোর্শেদুল আনোয়ার প্রথম আলোকে জানান, চিকিৎসক বাসুনিয়া এখন পর্যন্ত থানায় কোনো মামলা করেননি। তবে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ নিজেদের মতো করে ঘটনা তদন্ত করছে।তবে এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।আর ঘটনার পর পুলিশের ভয়ে ওই চিকিৎসক পরিবার বাসা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। তাই তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।