কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনের চিকিৎসা করাতে এসে চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। ওই ঘটনায় হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক শাহ আনিসুর রহমানসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।হাসপাতালের ইনডোর মেডিকেল কর্মকর্তা মো. শাহজালাল ভূঁইয়া কাছ থেকে পাওয় তথ্য, মামলার এজাহার ও সরজমিনে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে কুমিল্লা শহরের উত্তর চর্থা এলাকার বাসিন্দা ওবায়দুল ইসলাম ওরফে বাবর তাঁর ভাই নাদের ইসলামকে (৪২) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যান। ওই সময়ে কর্তব্যরত ইন্টার্নি চিকিৎসক শাহ আনিসুর রহমান রোগী নাদের ইসলামকে হাসপাতালের পঞ্চম তলার মেডিসিন বিভাগের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। চিকিৎসক ওই সময়ে রোগীর সিটি স্ক্যান করতে হবে বলে তাঁর স্বজনদের জানান। ওবায়দুল সিটি স্ক্যান মেশিন হাসপাতালের নিচতলা থেকে উপরে নিয়ে আসার দাবি জানান। চিকিৎসক এতে অপারগতা প্রকাশ করলে সঙ্গে সঙ্গে তিনি স্যালাইনের স্ট্যান্ড, লোহার পাইপ ও মশারির স্ট্যান্ড দিয়ে চিকিৎসক শাহ আনিসুর রহমানের ওপর হামলা চালান। এ সময় রোগীর অন্য স্বজনেরাও তাতে যোগ দেন। এতে আটজন আহত হন।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল ইসলাম বলেন, ‘চিকিৎসা প্রদানে বিলম্ব হওয়ায় ঝামেলা হয়েছে।’এই ঘটনার প্রতিবাদে ইন্টার্নি চিকিৎসকেরা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদের কক্ষে পুলিশ প্রশাসন, বিএমএ, ইন্টার্নি চিকিত্সক ও অন্যান্য চিকিৎসকের নিয়ে বৈঠক হয়। বৈঠকে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ, বিএমএ কুমিল্লা জেলার সভাপতি মো. শহীদউল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহসিনুজ্জামান চৌধুরী, ইন্টার্নি চিকিৎসক নাদিয়া আফরোজ ও মিনহাজ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ বাদী হয়ে দ্রুত বিচার আইনে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।মামলার পরও ইন্টার্নি চিকিৎসকেরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। তাঁরা ওই ঘটনার বিচার দাবি করে নানা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে, কাল রোববার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত প্রতিদিন তিন ঘণ্টা করে বহির্বিভাগে রোগী দেখা বন্ধ এবং বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আসামিদের বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।