চিকিৎসকদের কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোলিওমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পাঁচ বছরের নিচের সব শিশুকে পোলিও টিকাদান কর্মসূচির আওতায় আনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে কয়েকটি শিশুকে দুই ফোটা করে পোলিও টিকা খাইয়ে ১৯তম জাতীয় টিকা দিবসের উদ্বোধনকালে বেশকিছু দিক-নির্দেশনা দেন।শেখ হাসিনা চিকিৎসকদের কর্মক্ষেত্রে উপস্থিত থেকে গ্রামের লোকজনের দোরগোড়ায় স্বাস্থসেবা পৌঁছে দিতে নির্দেশ দেন। এ ব্যাপারে কোনো অবহেলা বরদাশত করা হবে না বলে তিনি সতর্ক করে দেন।প্রধানমন্ত্রী বলেন, কর্মজীবী মায়েদের শিশু, গরিব ও অবহেলিত মা বিশেষ করে পিছিয়ে পড়া বিভিন্ন এলাকার শিশুদের বিশেষ স্বাস্থ্যসেবা দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ শিশুমৃত্যুর হার হ্রাসে সফলতার স্বীকৃতিস্বরূপ গত বছর জতিসংঘ এমডিজি-৪ অ্যাওয়ার্ড পেয়েছে। তিনি এ পুরস্কার অর্জনের জন্য ইপিআই কর্মীদের ধন্যবাদ জানান।শেখ হাসিনা তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, সরকার শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ৬৫ থেকে ১৫ এবং মাতৃমৃত্যুর হার ৩ দশমিক ৮ শতাংশ থেকে ১ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনবে।স্বাস্থ্য খাতে সরকারের অন্যান্য কর্মসূচির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বতর্মান কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ১০ হাজার থেকে ১৮ হাজারে উন্নীত করা হবে। এ লক্ষ্য অর্জনে এসব ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী এ কথা উল্লেখ করেন।আগামী রোববার দেশব্যাপী জাতীয় টিকাদান কর্মসূচি পালিত হবে। এ দিন ৫৯ মাস বয়সের কম সকল শিশুকে দুই ফোটা পোলিও ভ্যাকসিন, ১২ থেকে ৫৯ মাসের প্রত্যেক শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ২৪ থেকে ৫৯ মাসের সব শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।