চিকিৎসকদের কর্মবিরতির প্রতিবাদে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসককে মারধরের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।চিকিৎসকদের এই কর্মসূচিকে অযৌক্তিক আখ্যায়িত করে এলাকাবাসী গতকাল শনিবার হাসপাতাল চত্বরে মিছিল ও সমাবেশ করেছে। একপর্যায়ে দুই পক্ষের উত্তপ্ত বাগিবতণ্ডার পর এলাকাবাসী হাসপাতালের কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থল থেকে চিন্ময়, বাপ্পী, তানভীর ও সবুজকে আটক করেছে।এর আগে গতকাল তৃতীয় দিনের মতো ইন্টার্নি চিকিৎসকেরা কর্মবিরতি ও তাঁদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেন। মেডিকেলের ইন্টার্নি চিকিৎসক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান প্রথম আলোকে জানান, রোগীর আত্মীয়দের হাতে সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ ও বিচার, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ সুপারিশ ও প্রভাব খাটিয়ে রোগী দেখানোর প্রবণতা বন্ধ এবং দর্শনার্থীদের প্রবেশের জন্য কর্তৃপক্ষের কাছে পরিচয়পত্রব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়ায় ইন্টার্নি চিকিৎসকেরা কর্মবিরতির পাশাপাশি গতকাল সকাল নয়টায় পূর্বনির্ধারিত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন।তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকাবাসীর বিক্ষোভের মুখে আধা ঘণ্টার মধ্যে চিকিৎসকেরা মানববন্ধন কর্মসূচি শেষ করতে বাধ্য হন।এলাকাবাসীর পক্ষে জিয়াউর রহমান জানান, সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালের সামনে থেকে একটি খাবারের গাড়ি যাওয়ার সময় মানববন্ধনে অংশ নেওয়া একজন চিকিৎসক ওই গাড়িতে লাথি মারেন। এর প্রতিবাদে এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। চাপের মুখে ইন্টার্নি চিকিৎসকেরা মানববন্ধন কর্মসূচি দ্রুত শেষ করেন। দুপুর ১২টার দিকে এলাকাবাসী রোগীদের দুর্ভোগের কথা উল্লেখ করে এক ঘণ্টার মধ্যে চিকিৎসকদের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের দাবি জানায়। তারা এ সময় হাসপাতালের ফটকের সামনে মিছিল ও সমাবেশ করে।পরিস্থিতি উত্তপ্ত হলে হাসপাতালের তত্ত্বাবধায়ক কাজী হামিদ আসগর এলাকাবাসীর পক্ষে বখতিয়ার হাসান ও জিয়াউর রহমানকে তাঁর কক্ষে ডেকে নেন। তাঁদের মধ্যে আলোচনার সময় কয়েকজন ইন্টার্নি চিকিৎসক সেখানে প্রবেশ করে বখতিয়ার হাসানের কাছে এলাকাবাসীর প্রতিবাদের বিষয়ে কৈফিয়ত চান। এ খবর বাইরে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল চত্বরে ঢুকে পড়ে। তারা মেডিকেল কলেজ ও ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের (ওসিসি) কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে।এদিকে গতকাল সকালে ইন্টার্নি চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতাদের মধ্যে হাসপাতালে এক সভা হয়। সভায় কেন্দ্রীয় বিএমএর সহসভাপতি বাহারুল আলম সভাপতিত্ব করেন। সভায় ইন্টার্নি চিকিৎসকদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে বিএমএ আগামীকাল সোমবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেয়।হাসপাতালের তত্ত্বাবধায়ক কাজী হামিদ আসগার জানান, গতকাল এলাকার ক্ষুব্ধ কিছু মানুষ হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক ও শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করা হয়। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।