চিকিৎসকদের গ্রামে রাখতে সংসদে আলোচনার প্রস্তাব স্বাস্থ্যমন্ত্রীর
সরকারিভাবে নিয়োগ পাওয়া চিকিৎসকদের গ্রামে না থাকার বিষয়কে কেন্দ্র করে জাতীয় সংসদে অসহায়ত্ব প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। চিকিৎসকদের গ্রামে থাকতে বাধ্য করার জন্য তিনি স্বাস্থ্য-ব্যবস্থাপনায় পরিবর্তনের দাবি করেছেন। এ জন্য তিনি একটি বিশেষ দিনে বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদ আবদুল মান্নানের (বগুড়া-১) সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। সম্পূরক প্রশ্নে আবদুল মান্নান স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘উপজেলা পর্যায়ের চিকিৎসকেরা লিয়েনে ছুটি নিয়ে এসে ঢাকায় ঘোরাঘুরি করেন। মাননীয় মন্ত্রী আপনি মনে করবেন না আপনি অকার্যকর হয়ে পড়েছেন। বগুড়াতে ৩৯০ পদের বিপরীতে ২৬৬ জন চিকিৎসক আছেন। এরা ঢাকায় ঘুরে বেড়ায়। ১২টি উপজেলায় ভাগ করলে ২২ জন করে থাকার কথা। ১১ জন থাকলেও কোনো কথা থাকত না। আপনি বারবার বলেন পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছেন। সেই পাঁচ হাজার কোথায়? এখন যা অবস্থা আরও চিকিৎসক নিয়োগ দিলেও লাভ হবে না। কারণ, প্রধানমন্ত্রী বলার পরও কাজ হয়নি। এখন আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া উপায় নেই।’জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। আরও পাঁচ-ছয় হাজার পদ খালি আছে। আগে গ্রামে চিকিৎসক ছিল না। এখন আছে। কিন্তু সমস্যা হচ্ছে, চিকিৎসকেরা গ্রামে থাকতে চান না। এ বিষয়ে অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। বহু জায়গায় চিকিৎসক নেই। এ অবস্থা থেকে উত্তরণের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার পরিবর্তন দরকার।’এ বিষয়ে সংসদের সহযোগিতা চেয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার প্রস্তাব হলো স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ দরকার। চিকিৎসকেরা কেন্দ্রে নিয়োগ পাবেন। তবে তাঁদের নিয়োগ দেওয়া হবে একটি বিশেষ অঞ্চলে, যার বাইরে তাঁরা যেতে পারবেন না। এ বিষয়ে একটি বিশেষ দিনে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পর সাংসদ মারুফ সাকলান অভিযোগ করেন, তাঁর এলাকায় হাসপাতাল থাকলেও শয্যা সরবরাহ করা হয়নি। অ্যাম্বুলেন্স নেই। ফজলে রাব্বি মিয়া অভিযোগ করেন, ‘সব জায়গায় অভিযোগ, চিকিৎসক নেই, নেই, নেই....। চিকিত্সক আগের দিন গ্রামে যান তো পরের দিন চলে আসেন।’