চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসংক্রান্ত আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়ার শিকার হেনা আক্তারের লাশের প্রথম ময়নাতদন্তের বিষয়ে শরীয়তপুরের সিভিল সার্জনসহ চারজন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ-সংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা চিকিৎসকদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার এ আদেশ দেন।ওই চার চিকিৎসক হলেন: শরীয়তপুরের সিভিল সার্জন গোলাম সারোয়ার, নির্মলচন্দ্র দাস, হোসনে আরা ও রাজেশ মজুমদার।গত ২৮ মার্চ হাইকোর্ট হেনার লাশের প্রথম ময়নাতদন্ত নিয়ে মামলার আলামত নষ্ট, তথ্য গোপন ও ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগে এই চার চিকিৎসকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন। একই সঙ্গে তাঁদের সনদের বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়। এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি ২৪ এপ্রিলের মধ্যে দাখিল করতে বলা হয়। এতে স্থগিতাদেশ চেয়ে গত সপ্তাহে ওই চারজন আপিল বিভাগে আবেদন করেন। গতকাল আবেদনের ওপর শুনানি হয়।চিকিৎসকদের আইনজীবী আনিসুল হক প্রথম আলোকে বলেন, হাইকোর্ট চার চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ফলে তাঁদের কাজ চালিয়ে যেতে আইনগত কোনো বাধা নেই। চিকিৎসকদের পক্ষের অপর আইনজীবী সুফিয়া খাতুন জানান, চার সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে।হেনার প্রথম ময়নাতদন্ত সম্পন্ন হয় শরীয়তপুরে। ওই ময়নাতদন্তে হেনার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি—এ-সংক্রান্ত খবর সংবাদপত্রে প্রকাশিত হলে হাইকোর্টের নির্দেশে একটি বিশেষজ্ঞ কমিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফায় হেনার লাশের ময়নাতদন্ত করে। দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভোঁতা অস্ত্র দিয়ে আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণে হেনার মৃত্যু ঘটেছে।জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিসে দেওয়া ফতোয়ার পর নির্যাতনের শিকার হেনা ৩১ জানুয়ারি মারা যায়। ২ ফেব্রুয়ারি এ নিয়ে প্রথম আলোয় ‘মেয়েটির জন্য কারও মায়া হলো না!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন ওই দিনই আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি সীমা জহুর। এর পরিপ্রেক্ষিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।