চিকিৎসকদের শহরমুখিতা থেমে নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊর্মি ভট্টাচার্য। ২৮তম বিসিএস শেষে ২০১০ সালের ১ ডিসেম্বর চট্টগ্রামের পটিয়ার আশিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রে চিকিৎসক হিসেবে যোগদান করেন। স্বাস্থ্য বিভাগে যোগদানের পর গ্রামে দুই বছর থাকার বিধিবিধান থাকলেও ১৪ মাস পর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন। অথচ ঊর্মি এফসিপিএস প্রথম পর্ব কোর্স সম্পন্ন করেছেন নাক-কান-গলা বিভাগ থেকে। গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী ও উচ্চপর্যায়ের হাঁকডাক থাকলেও চিকিৎসকদের গ্রামে রাখা যাচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্দিষ্ট মেয়াদের আগেই চিকিৎসকেরা সংযুক্তি বা প্রেষণে শহরমুখী হচ্ছেন অথবা কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসকদের অনিয়মিতভাবে কর্মস্থলে অনুপস্থিতি আগের চেয়ে কমেছে।গ্রামাঞ্চলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আমরা নানা পদক্ষেপ নিয়েছি। তবে কিছু কিছু চিকিৎসক নীতিমালা অনুযায়ী তাঁদের গ্রামে থাকার মেয়াদ শেষ হওয়ার আগেই শহরে বদলি নিয়ে আসছেন। এই বদলিগুলো অধিদপ্তর থেকে হচ্ছে। এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারব না।’ঊর্মি ভট্টাচার্যের বদলির আদেশটা আসে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এ প্রসঙ্গে বক্তব্য জানার জন্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আ ফ ম সাইফুল ইসলামের সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জানা গেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সংশোধিত নীতিমালায় রয়েছে, ‘নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে দুই বছর চাকুরি করার পর একজন চিকিৎসককে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পদায়ন করা যাবে। তবে তিনি জেলা হাসপাতালে পদায়নের জন্য যোগ্য হবেন না।’ এ ছাড়া নীতিমালায় রয়েছে, ‘দুই বছর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে এবং দুই বছর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চাকুরির পর পদ শূন্য থাকার ভিত্তিতে জেলা হাসপাতালে পদায়নের সুযোগ পাবেন।’ এই নিয়মের বাইরে গিয়ে গত ফেব্রুয়ারিতে মোহাম্মদ রাশেদুল ইসলামকে গাজীপুরের আজমপুর উপস্বাস্থ্যকেন্দ্র থেকে এবং মো. সরোয়ার ইসলামকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র থেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। তাঁরাও ঊর্মির মতো একই সময়ে সরকারি চাকরিতে যোগদান করেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাঁদের বদলি করা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আ ফ ম সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কেন তাঁদের নির্ধারিত মেয়াদের আগে বদলি করা হয়েছে, সেটা আমার জানা নেই। পরিচালক প্রশাসন থেকে এই বদলিগুলো হয়েছে।’চাকরি না করে বেতন: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সংশোধিত নীতিমালায় রয়েছে, ‘নব নিয়োগকৃতদের উপজেলা ও তদনিম্ন পর্যায়ে কমপক্ষে দুই বছর চাকরি করতে হবে এবং দুই বছরের আগে উচ্চ শিক্ষার জন্য প্রেষণ/প্রশিক্ষণ পদে পদায়নের কোনো আবেদন বিবেচনা করা হবে না।’ কিন্তু অবস্থাদৃষ্টে দেখা যায়, এই নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তেমনি একজন মঈন উদ্দিন মাহমুদ। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক স্বাচিপের নেতা নাসির উদ্দিন মাহমুদের ছোট ভাই। ২৮তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর মঈন ২০১০ সালের ১ ডিসেম্বর সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রে যোগদান করেন। যোগদানের পর তিনি এফসিপিএস ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য ছয় মাসের শিক্ষা ছুটির আবেদন করেন। ছুটি মঞ্জুর না হওয়ার পরও তিনি ছয় মাস কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অথচ তিনি এই ছয় মাস বেতনও তোলেন। পরে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ এনে মন্ত্রণালয়ে চিঠি দেয় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। পরে মন্ত্রণালয় থেকে বিভাগীয় মামলা দায়ের ও কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। গত ২৫ জানুয়ারি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আমির হোসেন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, ‘কারণ দর্শানো নোটিশের জবাব ও সামগ্রিক বিষয়াদি বিবেচনাপূর্বক বিভাগীয় মামলায় আনীত অভিযোগ থেকে মঈন উদ্দিন মাহমুদকে অব্যাহতি দেওয়া হলো।’ একইভাবে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে অনিয়মিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় মামলা হয়। এর আগে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ও সিভিল সার্জন ওই চিকিৎসক অনিয়মিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে লিখিতভাবে মন্ত্রণলায়কে অবহিত করেন। কিন্তু গত ৮ জানুয়ারি অতিরিক্ত সচিব এ কে এম আমির হোসেন এক আদেশে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।