চিকিৎসকসহ ইবনে সিনার চার কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ইবনে সিনা হাসপাতালের এক চিকিৎসকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানার পুলিশ।ধানমন্ডি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের ফটক থেকে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক সৈয়দ আনোয়ারুল আবেদীনকে এবং ওই হাসপাতাল থেকে হাসপাতালের মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান ও আকতার হোসেন খানকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার নবজাতকের মৃত্যুর ঘটনায় তার বাবা ইদ্রিস শিকদার বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। এর আগে চিকিৎসার অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগে করা মামলায় ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকসহ কর্তৃপক্ষের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকসহ কর্তৃপক্ষের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আগামী ১০ অক্টোবরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করে জানাতে ধানমন্ডি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার ও ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলা হয়েছে। চিকিৎসার অবহেলায় ইবনে সিনা হাসপাতালে শিশুমৃত্যুর সংবাদ প্রচারকারী বেসরকারি টেলিভিশন বৈশাখী ও সংশ্লিষ্ট প্রতিবেদক মাহবুবুল আলম লাভলুকেও নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট পুলিশকে বলা হয়। শুনানিকালে আদালত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, আপনাদের বীরত্ব দেখানোর সময় এসেছে। দেশের ক্ষমতাশালী ব্যক্তিদের গ্রেপ্তার করে দেখিয়ে দেবেন আপনাদের ক্ষমতা সবার ঊর্ধ্বে। আদালত বলেন, ব্যবস্থা মানে হচ্ছে গ্রেপ্তার।গত ১৫ আগস্ট বৈশাখী টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদনে চিকিৎসায় অবহেলার কারণে ওই হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। বিষয়টি আদালতের নজরে এলে ১৭ আগস্ট ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে ঘটনার ব্যাখ্যা জানাতে ইবনে সিনা হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বোর্ডের সদস্য ও সংশ্লিষ্ট চিকিৎসকদের ২৩ আগস্ট হাইকোর্টে তলব করা হয়। ওই দিন আদালত ১৬ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন। আদালত ওই ঘটনায় ধানমন্ডি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মো. শরিফুর রহমান ও ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামানকে গতকাল হাজির হতে নির্দেশ দেন। ওই শিশুর বাবা ইদ্রিস শিকদার এবং মাকেও হাজির হতে বলা হয়। এই নির্দেশনা অনুসারে গতকাল সকালে তাঁরা আদালতে হাজির হন। বেলা সাড়ে ১১টার দিকে শুনানি হয়। শুনানিতে অংশ নিয়ে শিশুটির বাবা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মৃত্যুর আগে তিন দিন শিশুটিকে আমাদের দেখতে দেওয়া হয়নি। চিকিৎসকের সনদেও ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কথা বলা হয়েছে।এই পর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, শুধু চিকিৎসা অবহেলা নয়, হাসপাতালের সহকারী ম্যানেজার সুলতান মাহমুদ ধানমন্ডি থানায় একটি মিথ্যা অভিযোগে জিডিও করেছেন। এতে হাসপাতালের ক্যাশবাক্স থেকে রোগীর সঙ্গে আসা লোকজন ২০ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ তোলা হয়।এ পর্যায়ে আদালত ওই সহকারী ম্যানেজারকে ১৬ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেন। আদালত বলেন, জিডির বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। আদালতে উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও আনিসুল হক ওই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। শুনানিতে অংশ নিয়ে বৈশাখী টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুল আলম লাভলু বলেন, ‘সংবাদটি প্রচার না করার জন্য ইবনে সিনা ট্রাস্টের উপব্যবস্থাপক তাজুল ইসলাম আমাকে ঘুষ দিতে চেয়েছিলেন। প্যাকেট পাঠিয়ে দেওয়ার কথাও বলেন।’ ওই উপব্যবস্থাপকের ওই বক্তব্যের একটি সিডিও তিনি আদালতে পেশ করেন। আদালত প্রতিবেদককে বলেন, ওই ঘটনা প্রকাশের জন্য আপনি অনেক প্রশংসার দাবিদার। এ ধরনের ঘটনা বিরল। এরপর আদালত ১৬ অক্টোবর তাজুল ইসলামকে হাজির হতে নির্দেশ দেন।এরপর আদালত ধানমন্ডি থানার ওসি এবং সহকারী পুলিশ কমিশনারের বক্তব্য শোনেন। ওসি মনিরুজ্জামান বলেন, ‘আমাদের অনেক কাজ করতে হয়। জিডি হওয়ার পর আমি বিষয়টি জানতে পারি। তারপর মোহাম্মদপুরে শিশুটির বাবা যে বাসায় থাকেন, সেখানে গিয়ে দেখি বাসায় তালা। এরপর শিশুটির বাবার সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয়। তিনি ভোলা থেকে ঢাকাতে আসার সঙ্গে সঙ্গে মামলা করার পরামর্শ দিই। বুধবার (২৪ আগস্ট) রাতে তিনি ঢাকায় এসে মামলা করেন। দণ্ডবিধির ৩০৪, ৪০৯, ৪২০ ধারায় মামলা করা হয়। মামলায় দুই চিকিৎসক ও দুই নার্সকে আসামি করা হয়েছে।’ আদালত বলেন, অন্যদের আসামি করলেন না কেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, এজাহারে ইবনে সিনা কর্তৃপক্ষ আছে। কর্তৃপক্ষ বলতে সবাইকেই বোঝাবে। আদালত বলেন, আমরা মহানগর পুলিশের প্রতি কৃতজ্ঞ। গত ২ আগস্ট তারা আমাদের নিরাপত্তা দিয়েছে। আদালত বলেন, টাকার কাছে বিক্রি হবেন না। ইবনে সিনা কর্তৃপক্ষের টাকার কোনো অভাব নেই। বোধ হয় বাংলাদেশ সরকারেরও এত টাকা নেই। পুলিশকে উদ্দেশ করে আদালত আরও বলেন, ফৌজদারি কার্যবিধিতে আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে অনুযায়ী কাজ করবেন। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা আদালতকে জানাবেন। দেরি করলে তাঁরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে নেবেন। এরপর আদালত আদেশ দেন।