চিকিৎসকের অদক্ষতায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
চিকিৎসকের অদক্ষতায় রাজধানীর মহাখালীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে গতকাল শনিবার রাতে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।তবে নবজাতক ছেলে শিশুটির বাবা জিয়াউল করিম সরকারের এমন অভিযোগ অস্বীকার করেছেন অস্ত্রোপচারকারী চিকিৎসক ইয়াসমিন রহমান।জিয়াউল করিম সরকার প্রথম আলো ডটকমকে জানান, তাঁর স্ত্রী রোজিনা জেসমিনকে প্রথম থেকেই চিকিৎসক ইয়াসমিন রহমানের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। ৭ নভেম্বর অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করেন চিকিৎসক। কিন্তু গতকাল তাঁর স্ত্রী ব্যথা অনুভব করলে গর্ভের বাচ্চা সুস্থ আছে জানিয়ে সন্ধ্যা সাতটায় দিকে দ্রুত অস্ত্রোপচার করাতে বলেন চিকিৎসক ইয়াসমিন। রাত সাড়ে আটটায় অস্ত্রোপচার শুরু করেন তিনি।জিয়াউল করিম অভিযোগ করে বলেন, রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক ইয়াসমিন তাঁকে জানান, শিশুটি মায়ের গর্ভেই মারা গেছে। তবে নবজাতকের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। তা ছাড়া সংশ্লিষ্ট চিকিৎসক কোনো ডেথ সার্টিফিকেটও দেননি।তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন সরকার জানান, পুলিশের সুরতহাল প্রতিবেদনে নবজাতকের শরীরে আঘাতের চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে নবজাতকের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে মামলা হবে বলে জানান তিনি।এদিকে অস্ত্রোপচারের পরপরই হাসপাতাল থেকে চলে যান চিকিৎসক ইয়াসমিন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলো ডটকমের কাছে মায়ের গর্ভে ওই নবজাতকের মৃত্যু হয়েছে বলে দাবি করেন। শিশুটির শরীরে থাকা আঘাতের চিহ্নের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ইয়াসমিন।