চিকিৎসকের বাসায় রোগীর চিৎকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার, বেলা সোয়া একটা। দাউদকান্দি উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা খানের সরকারি বাসভবনের ভেতরে কেউ একজন বিকট চিৎকার দিচ্ছেন। বাইরে বারান্দায় বসে অঝোরে কাঁদছেন পঞ্চাশোর্ধ্ব রুবি আক্তার। এই চিৎকার তাঁর স্বামী আমানউল্লাহর (৬০)।কথা বলে জানা গেল, স্বাস্থ্য কর্মকর্তার সরকারি বাসভবনে আমানউল্লাহর অস্ত্রোপচার চলছে। চিৎকারের কারণ, কোনো রকম অবশ না করেই তাঁর তলপেটে অস্ত্রোপচার করা হচ্ছে।গতকাল সরকারি ছুটি থাকলেও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। দুপুর পর্যন্ত সেখানে ১৮ জন রোগী সেবা নিয়েছে। হাসপাতালে চিকিৎসা সহকারী, সেবিকা, ওয়ার্ডবয়—সবাই উপস্থিত ছিলেন।তার পরও কেন স্বাস্থ্য কর্মকর্তার বাসভবনে অস্ত্রোপচার চলছে? জানতে চাইলে অস্ত্রোপচারকারী চিকিৎসক গোলাম মোস্তফা খান প্রথম আলোকে বলেন, শল্যচিকিৎসায় তিনি পারদর্শী। জরুরি প্রসূতিসেবায় তিনি বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। সরকারি বাসভবনে তিনি ব্যক্তিগতভাবে রোগী দেখেন। কাজেই অস্ত্রোপচারে কোনো বাধা নেই।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়া অস্ত্রোপচার করা হয় বিনা মূল্যে। কিন্তু এই কর্মকর্তা গতকাল রোগীর কাছ থেকে নিয়েছেন ছয় হাজার টাকা। অস্ত্রোপচারের সময় তিনি কোনো অবেদনবিদের সাহায্য নেননি। মানে রোগীর অস্ত্রোপচারের জায়গা অবশ না করেই অস্ত্রোপচার! গোলাম মোস্তফা খানের দাবি, ‘ছোটখাটো অস্ত্রোপচারে পুরো অজ্ঞান করার প্রয়োজন পড়ে না। তবে আমি লোকাল এনেসথেসিয়া দিয়ে নিয়েছি।’ কিন্তু অবেদনবিদ ছাড়া অন্য কোনো চিকিৎসক এটা করতে পারেন না।নাম প্রকাশ না করার শর্তে রোগীর ছোট ভাই বলেন, ‘ডাক্তার সাব তারে (ভাইকে) অজ্ঞান করে নাই। হে বড় ডাক্তার, হে বুঝব ভালো।’ নাম প্রকাশ করতে চান না কেন, জানতে চাইলে তিনি বলেন, পরে সেলাই কাটাতে এলে তাঁর ভাইয়ের অসুবিধা হতে পারে।জানতে চাইলে জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কাজী রফিকুল আবেদিন প্রথম আলোকে বলেন, অবেদনবিদ ছাড়া হার্নিয়ায় অস্ত্রোপচার করা শুধু অন্যায় নয়, অনৈতিকও।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও কেন চিকিৎসকের বাসায় এসে অস্ত্রোপচার করছেন, জানতে চাইলে রোগীর স্বজনেরা বলেন, তাঁরা হাসপাতালে এসে শুনেছেন যে এই চিকিৎসকের ‘হাত’ ভালো। তবে হাসপাতালের চেয়ে বাসায় অস্ত্রোপচার করলে ভালো চিকিৎসা পাওয়া যাবে।আমানউল্লাহর বাড়ি উপজেলার গোয়ালমারী গ্রামে। তিনি কাঠের আসবাবপত্র বানিয়ে বিক্রি করেন। অস্ত্রোপচারের পর তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এই প্রতিবেদককে বলেন, হঠাৎ করে যারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে, তারা এই দৃশ্য দেখে অবাক হতে পারে। কিন্তু এই কর্মকর্তা যখন থেকে এই হাসপাতালে এসেছেন, তখন থেকেই ছোটখাটো টিউমার, হার্নিয়া ইত্যাদি অপসারণ বাসাতেই করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, তাঁর ‘অনুগত কিছু দালাল’ হাসপাতালে সেবা নিতে আসা মানুষকে প্ররোচিত করে তাঁর বাসায় পাঠায়। দূরদূরান্ত থেকে আসা রোগীদের কাছে তিনিই হাসপাতালের ‘বড় ডাক্তর’।এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার সিভিল সার্জন আবুল কালাম সিদ্দিকী বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরকারি বাসভবনে বসে অস্ত্রোপচার করেন—এই তথ্য তাঁর জানা নেই। তিনি বলেন, অবেদনবিদ ছাড়া অস্ত্রোপচার হওয়ার কথা নয়।