চিকিৎসকের যা মানা, তা-ই খেতে দেয় হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর বয়সী সিয়াম হোসেনের পিঠে টিউমার। প্রায় দেড় সপ্তাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সিয়াম। তাকে সকালে দেওয়া হয় পাউরুটি, কলা ও ফিরনি। দুপুরে ভাত, সবজি, ডাল ও এক টুকরো মাছ। রাতে ভাত, সবজি ও এক টুকরো মুরগির মাংস। আর দেওয়া হয় তিন বেলায় তিনটি ডিম। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত ৯০ বছর বয়সী আবদুল হামিদকেও একই খাবার দেওয়া হচ্ছে প্রতিদিন।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু অস্ত্রোপচার বিভাগের প্রধান শফিকুল হক প্রথম আলোকে বলেন, ‘শিশুকে শিশুদের খাবার দেওয়া প্রয়োজন। বড়দের খাবার শিশুদের কাজে লাগে না।’স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও হূদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ প্রথম আলোকে বলেন, ৯০ বছরের বৃদ্ধের জন্য ডিম ক্ষতিই করবে। উচ্চ রক্তচাপের কারণে সাধারণত মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা হয়। এ ক্ষেত্রে কোলস্টোরেল নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। ডিমের কুসুমে কোলস্টোরেলের মাত্রা অনেক বেশি থাকে। রাজধানীর কয়েকটি প্রধান সরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে, গড়ে সব রোগীকে দেওয়া হয় একই ধরনের পথ্য। বিশেষজ্ঞ চিকিৎসক ও পুষ্টিবিদেরা বলছেন, রোগ ও বয়সভেদে রোগীর পথ্য আলাদা। হাসপাতালগুলোতে তা মানা হচ্ছে না। এতে রোগীর ক্ষতি হয়, জটিলতা বাড়ে।বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত তত্ত্বাবধায়ক মো. জালালউদ্দিন খলিফা বলেন, রোগ ও বয়সভেদে পথ্য দিতে হলে অবকাঠামোগত সুযোগ, জনবল ও রোগীপিছু পর্যাপ্ত অর্থ বরাদ্দ হওয়া দরকার। নাগরিক সংগঠন হেলথ ওয়াচ সম্প্রতি ‘বাংলাদেশ হেলথ ওয়াচ রিপোর্ট ২০০৯: কেমন চলছে স্বাস্থ্য খাতের পরিচালনা’ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ১২ শতাংশ সরকারি সাধারণ হাসপাতালে পাঁচ থেকে ১০ জন পথ্য ব্যবস্থাপনার কাজ করে। ১৭ শতাংশ বিশেষায়িত হাসপাতালে পথ্য ব্যবস্থাপনায় পুষ্টিবিদদের নিয়োগ দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অর্ধেকের মতো সরকারি সাধারণ হাসপাতালে পথ্য ব্যবস্থাপনার কাজে চিকিৎসকেরা জড়িত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ওই প্রতিবেদনের একজন লেখক খায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, গবেষণায় দেখা গেছে হাসপাতালে পথ্যবিধি (ডায়াট প্রোটোকল) মানা হয় না। যে নিয়মে চলছে: সরকারি হাসপাতালে রোগীপিছু দৈনিক খাবারের জন্য বরাদ্দ ৭৫ টাকা। খাবারের জন্য প্রতিটি হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনা আছে। দরপত্রের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিদিনের খাবার সংগ্রহ করে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিনের রোগীর সংখ্যা জানায়। সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান রোগীর সংখ্যার ভিত্তিতে বাজার করে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন বলেন, সরকার প্রতি রোগীর অর্থ ও একটি সাধারণ মান নির্ধারণ করে দিয়েছে। রোগীর খাবার ব্যবস্থাপনার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের।হেলথ ওয়াচের প্রতিবেদনে বলা হয়, ৫৩ শতাংশ সরকারি হাসপাতালে ব্যবসায়ীরা রোগীর পথ্য সরবরাহ করেন। এ কারণে পথ্যের মান রক্ষা করা সম্ভব হয় না।রোগ ও বয়সভেদে খাবার দেওয়া হয় না: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগ ও ডায়াবেটিস নিয়ে ভর্তি আছেন ৪৮ বছর বয়সী মো. ওয়াজিউল্লাহ। তাঁকে সকালে পাউরুটি, ফিরনি ও ডিমের সঙ্গে কলাও দেওয়া হয়। দুপুরে দেওয়া হয় ১০০ গ্রাম মাছ, রাতে ১০০ গ্রাম মুরগির মাংস। কোনো বিশেষ খাবারের পরামর্শ দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে ওয়াজিউল্লাহ বলেন, ‘ব্যবস্থাপত্রে কিছু লেখা নাই।’বারডেমের কিডনি বিশেষজ্ঞ সরোয়ার ইকবাল প্রথম আলোকে বলেন, কিডনি সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য আমিষ ও পটাশিয়াম ক্ষতিকর। কলায় পটাশিয়াম থাকে। পটাশিয়াম বেড়ে গেলে কিডনি সমস্যা বেড়ে যায়। ওই রোগীর জন্য কলা উপযুক্ত পথ্য নয়।এই হাসপাতালের খাবার ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, প্রতিদিন গড়ে দুই হাজার ২০০ রোগীর খাবার তৈরি হয়। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) থাকা আটজন ও অন্য ছয়জন ডায়াবেটিসের রোগী ছাড়া সবাইকে একই ধরনের খাবার দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল হক মল্লিক বলেন, সরকার থেকে প্রতি রোগীর জন্য অর্থ বরাদ্দ করা আছে। এ ক্ষেত্রে শয্যা গণনা করা হয়। বয়স ও রোগভেদে খাবার দেওয়ার কোনো সরকারি নিয়ম নেই। তিনি আরও বলেন, রোগ ও বয়সভেদে খাবার দেওয়া কঠিন কাজ। এ জন্য আরও বেশি জনবল ও অর্থ প্রয়োজন।একই কথা বলেছেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক মজিবুর রহমান খান। তিনি বলেন, রোগীর বয়স ও রোগভেদে আলাদা খাবার এ হাসপাতালে তৈরি হয় না। সবাইকে একই খাবার দেওয়া হয়। এ ক্ষেত্রে সরকারের বরাদ্দ দেওয়া অর্থের দিকেই লক্ষ রাখা হয়।ওই হাসপাতালে এক সপ্তাহ আগে নীলুফার ইয়াসমিনের (৩৫) পিত্তথলিতে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকেরা তাঁকে তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। অথচ হাসপাতাল থেকে তাঁকে প্রতিদিন দেওয়া হচ্ছে ভাত, মাছ ও মাংস।জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের কর্মকর্তাদের দাবি, কিডনি রোগের জন্য ক্ষতিকর খাবার রোগীদের দেওয়া হয় না। কিডনি রোগীর জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর পটাশিয়াম জাতীয় খাবার। সংশ্লিষ্ট কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রায় সব ধরনের সবজিতে পটাশিয়াম থাকে। রান্না করার সময় পানি ফুটিয়ে এবং ওপরের পানি ফেলে দিয়ে পটাশিয়াম দূর করার চেষ্টা করা হয়। তবে পুরো কাজটি হয় অনুমানের ওপর ভিত্তি করে।বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার প্রথম আলোকে বলেন, হাসপাতালে রোগীকে রোগ বুঝে খাবার দেওয়া উচিত। ডায়াবেটিসের রোগীকে পাউরুটি, চিনি দিলে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে ডাল, কলা কিডনি রোগীর জন্য ক্ষতিকর। আলসার, গ্যাসট্রিক রোগীর খাবারে ঝাল থাকা উচিত নয়। তিনি বলেন, রোগ অনুযায়ী খাবার না দিলে জটিলতা বাড়ে। এ ক্ষেত্রে হাসপাতালে আসা দরিদ্র ও দূরবর্তী এলাকার রোগীরা সমস্যায় পড়ে। কেননা, তারা হাসপাতালের খাবারের ওপরই নির্ভর করে।গবেষণায় যা পাওয়া গেছে: হেলথ ওয়াচের গবেষকেরা দেশের প্রতিটি বিভাগের একটি করে মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি করে জেলা হাসপাতাল ছাড়াও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম হাসপাতাল, জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ঢাকা শিশু হাসপাতালে দেওয়া রোগীর খাবার পরীক্ষা করে প্রতিবেদন তৈরি করেছে। ডায়াবেটিস, হূদরোগ, কিডনি রোগ, যকৃতের রোগে আক্রান্ত ব্যক্তির পথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের খাবার রোগীর জন্য সামঞ্জস্যপূর্ণ নয়। হাসপাতালগুলোতে রোগীদের সুপারিশকৃত পথ্য যথাযথ পরিমাণে সরবরাহ করতে দেখা যায়নি।এসব হাসপাতালে ডায়াবেটিসের রোগীর জন্য পথ্য দেওয়া হয়েছে সুপারিশকৃত মাত্রা থেকে স্নেহের পরিমাণ ৬৩ শতাংশ কম, শর্করার পরিমাণ ২৫ শতাংশ কম ও কিলোক্যালরির পরিমাণ ৩৮ শতাংশ কম। কিন্তু আমিষের পরিমাণ সুপারিশকৃত মাত্রা থেকে ৩৪ শতাংশ বেশি। হূদরোগীর জন্য দেওয়া পথ্যে সুপারিশকৃত মাত্রার চেয়ে আমিষ ৬ শতাংশ, স্নেহ ২৭ শতাংশ ও শর্করা ৩০ শতাংশ কম। অথচ কিলোক্যালরির পরিমাণ ২ শতাংশ বেশি। কিডনি রোগীদের দেওয়া পথ্যে সুপারিশকৃত মাত্রার তুলনায় স্নেহ ৭১ শতাংশ, শর্করা ৩৪ শতাংশ ও কিলোক্যালরি ৩৯ শতাংশ কম। কিন্তু আমিষ বেশি ১৬৩ শতাংশ। যকৃত্ রোগীদের পথ্যে সুপারিশকৃত মাত্রার তুলনায় আমিষ, স্নেহ, শর্করা এবং কিলোক্যালরি প্রায় ৬০ শতাংশ কম পাওয়া গেছে। অবস্থা পরিবর্তনের জন্য হেলথ ওয়াচ বলছে, প্রতিটি হাসপাতালে প্রশিক্ষিত পুষ্টি ও খাদ্য বিশারদ নিয়োগ বাধ্যতামূলক করার পাশাপাশি পথ্য ব্যবস্থাপনায় পথ্যবিধি চালু করতে হবে।