চিকিৎসকের স্থগিতাদেশ প্রত্যাহার আবেদনের শুনানি ১৫ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়ার শিকার হেনার প্রথম ময়নাতদন্ত নিয়ে শরীয়তপুরের সিভিল সার্জনসহ চার চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। ওই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদনের ওপর ১৫ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে।আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এই দিন ধার্য করেন। ওই চার চিকিত্সক হলেন শরীয়তপুরের সিভিল সার্জন গোলাম সারোয়ার, নির্মল চন্দ্র দাস, হোসনে আরা ও রাজেশ মজুমদার।আদালতে চার চিকিৎসকের পক্ষে আনিসুল হক ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন। আনিসুল হক প্রথম আলোকে বলেন, স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়েছে। চেম্বার বিচারপতি ১৫ মে শুনানির দিন ধার্য করেছেন।জানা যায়, গত ২৮ মার্চ হাইকোর্টের আদেশে হেনার মৃত্যুর ঘটনায় প্রথম ময়নাতদন্ত নিয়ে মামলার আলামত নষ্ট, তথ্য গোপন ও ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগে শরীয়তপুরের সিভিল সার্জনসহ চারজন চিকিৎসকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে নির্দেশ দেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে চারজনের সনদের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছিল। এতে স্থগিতাদেশ চেয়ে চার চিকিৎসকের আবেদনে চেম্বার বিচারপতি ১৭ এপ্রিল চার সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেন। এ আদেশ প্রত্যাহার চেয়ে চলতি সপ্তাহে রাষ্ট্রপক্ষে আপিল বিভাগে আবেদন করে।এর আগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিসে দেওয়া ফতোয়ার পর নির্যাতনের শিকার হেনা আক্তার গত ৩১ জানুয়ারি মারা যায়। এ নিয়ে প্রথম দফায় শরীয়তপুরে হেনার ময়নাতদন্ত করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, হেনার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ-সংক্রান্ত প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর হাইকোর্টের নির্দেশ অনুসারে একটি বিশেষজ্ঞ কমিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফায় হেনার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে। তবে দ্বিতীয় প্রতিবেদনে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণে হেনার মৃত্যু ঘটেছে বলে উল্লেখ করা হয়।