চিকিৎসকের হাতে মৃত্যুর আশঙ্কা মোবারকের
কায়রোর কারা হাসপাতালে চিকিৎসাধীন মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তিনি মৃত্যুভয়ে ভীত। তাঁর আশঙ্কা, চিকিৎসকদের হাতে তাঁর মৃত্যু হতে পারে। মোবারকের এই আশঙ্কার কথা প্রকাশ করেছেন তাঁর আইনজীবী ফরিদ-এল-দিব। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।৮৪ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের আইনজীবী জানান, মোবারক তাঁর চিকিৎসকদের ওপর বিশ্বাস রাখতে পারছেন না। তাঁরা তাঁকে হত্যা করতে পারেন বলে তিনি ভয় পাচ্ছেন।আরব-বসন্তের ঢেউয়ে গত বছরের ১১ ফেব্রুয়ারি পদত্যাগে বাধ্য হন তিনি। এর পর থেকে অন্তর্বর্তী দায়িত্ব হিসেবে দেশটি পরিচালনা করছে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ। গত বছর মিসরে সংঘটিত মোবারক-বিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যায় সহযোগিতা করার দায়ে চলতি বছরের ২ জুন তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এর পর থেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যায়।তোরা কারাগারের একজন নিরাপত্তাকর্মীর দেওয়া তথ্যমতে, কারাগারে যাওয়ার পর থেকে মোবারক খুব বিষণ্নতায় ভুগছেন। তাঁর উচ্চরক্তচাপ ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেছে। গত সোমবার চিকিৎসকেরা দুই দফায় তাঁর নাড়ি না পেয়ে বিশেষ চিকিৎসার মাধ্যমে নাড়ি সচল করেন বলে জানা যায়।গতকাল মঙ্গলবার রাতে সিবিসি টেলিভিশনকে মোবারকের আইনজীবী ফরিদ-এল-দিব বলেন, মোবারকের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় তাঁকে আরও বেশি সুবিধাসম্পন্ন সামরিক হাসপাতালে স্থানান্তর করতে কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, কারাগারে চিকিৎসক দলটিকে বিশ্বাস করেতে পারছেন না মোবারক ।ফরিদ-এল-দিব বলেন, মোবারক কাউকে এখন বিশ্বাস করেন না। তাঁর চিকিৎসায় নিত্যনতুন চিকিৎসক দেওয়ায় তাঁর মনে ভয় ঢুকেছে। কারও কাছ থেকে কিছু নিতেও ভয় পাচ্ছেন তিনি। তাঁর চারপাশে থাকা লোকজনকেও তিনি চিনতে পারছেন না। এটি তাঁর জন্য একটি বড় সমস্যা। এমনকি চিকিৎসকেরা তাঁকে হত্যা করতে পারে বলে তিনি এল দিবকে বলেছেন।মোবারকের উদ্ধৃতি দিয়ে ফরিদ বলেন, ‘আমাকে বাঁচাও ফরিদ। আমি এখানে অস্বস্তি বোধ করছি। নিজেকে নিরাপদ মনে হচ্ছে না। মনে হচ্ছে, আমাকে হত্যা করতে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।’