চিকিৎসকেরা সেবা না দিলে হাসপাতাল উপকারে আসবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসক ও সেবিকারা সঠিকভাবে সেবা না দিলে হাসপাতাল জনগণের উপকারে আসবে না। হাসপাতালকে সেবামূলক কেন্দ্রে পরিণত করার দায়িত্ব তাদের।আজ রোববার ঢাকা সেনানিবাসে ৫০০ শয্যার নবনির্মিত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে আনুপাতিক হারে চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মী বাড়ানো হবে। তিনি দাবি করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল বেসামরিক ও সামরিক অংশীদারিত্বে প্রথম সেবামূলক প্রকল্প হবে।প্রধানমন্ত্রী হাসপাতালটি নির্মাণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের ধন্যবাদ জানান। শেখ হাসিনা বলেন, ১৯৯৮ সালের ১৯ মার্চ তাঁর পূর্ববর্তী সরকারের মেয়াদে তিনি সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেদিন থেকেই ওই কলেজের ছাত্রদের জন্য একটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। এই হাসপাতালটি চালুর মাধ্যমে এই প্রত্যাশা পূরণ হলো।প্রধানমন্ত্রী আরও বলেন, এই হাসপাতালটি চালুর ফলে বৃহত্তর ঢাকার উত্তরাঞ্চলের (যেখানে সরকারি হাসপাতাল নেই) ব্যাপক জনগোষ্ঠীর আধুনিক চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হল। এর আগে এই এলাকার মানুষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল বা সোহ্রাওয়ার্দী হাসপাতাল যেতে হতো। বাসস।