চিকিৎসা করাতে এসে চিকিৎসকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অস্ত্রোপচার করাতে এসে মারা গেলেন চিকিৎসক এম মাজহারুল ইসলাম (৪৪)। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।মাজহারুল ফরিদপুর মেডিকেল কলেজের হূদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি অর্শ (পাইলস) রোগে ভুগছিলেন। অস্ত্রোপচার করাতে গত ২৩ ডিসেম্বর তিনি রাজধানীর পান্থপথের গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাঁর অস্ত্রোপচার করা হয়। পরিবারের অভিযোগ, ওই হাসপাতালের ভুল চিকিৎসা ও অবহেলায় মাজহারুলের মৃত্যু হয়েছে।মাজহারুল ইসলামের ছোট ভাই জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওই হাসপাতালের চিকিৎসক এস কে আবু জাফর ও মাহবুবুল হাসান অস্ত্রোপচার করেন। কিন্তু অস্ত্রোপচারের পরপরই তিনি হূদরোগে আক্রান্ত হন। সংকটাপন্ন অবস্থায় সেদিন রাতেই আমরা তাঁকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।’ মাজহারুল ইসলামের বাবা এস এম শওকত আলী, স্ত্রী শামিমা সুলতানা ছবি, ছোট বোন শামীমা সুলতানা লিনা, ভগ্নিপতি মোহাম্মদ ফারুক প্রত্যেকেই চিকিৎসক। তাঁরা সবাই অভিযোগ করেছেন, গ্যাস্ট্রোলিভার হাসপাতালে অতিরিক্ত অ্যানেসথেসিয়া দেওয়ার কারণেই মাজহারের মৃত্যু হয়েছে। মাজহারুল ইসলামের ভগ্নিপতি ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) পরামর্শক মোহাম্মদ ফারুক প্রথম আলো ডটকমকে বলেন, ‘২৩ তারিখ বেলা দুইটায় মাজহারের ক্লোনোস্কোপির একটি অস্ত্রোপচার হয়। সে সময় তাঁকে পুরোপুরি অজ্ঞান করা হয়েছিল। এরপর ২০ ঘণ্টার ব্যবধানে তাঁর অর্শের অস্ত্রোপচার করতে গিয়ে আবারও তাঁকে পুরোপুরি অজ্ঞান করা যায়। অথচ এ ক্ষেত্রে আংশিক অজ্ঞান করলেই চলত। আসলে ভুল চিকিৎসা আর অবহেলার কারণেই হূদরোগে আক্রান্ত হয়ে মাজহারের মৃত্যু হয়েছে।’ অস্ত্রোপচারের সঙ্গে জড়িত বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক এস কে আবু জাফর এবং অবেদনবিদ মাহবুবুল হাসান দুজনেরই মুঠোফোন এখন বন্ধ। এ বিষয়ে জানতে চাইলে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোস্তফা কামাল প্রথম আলো ডটকমকে বলেন, ‘মাজহারুল ইসলাম খুবই ভালো এবং জনপ্রিয় চিকিৎসক ছিলেন। তিনি আমাদের হাসপাতালেরও হূদরোগ বিভাগের পরামর্শক ছিলেন। আমরাও তাঁকে স্পাইনাল অ্যানেসথেসিয়া (শরীরের নিচের অংশের অবশ) করতে চেয়েছিলাম। কিন্তু তিনি বলেন, নিচের অংশ অজ্ঞান করে আমার জামা-কাপড় খুললে আমার খারাপ লাগবে। কাজেই পুরোপুরি অজ্ঞান করেন। তার কথায়ই তাঁকে পুরোপুরি অজ্ঞান করা হয়।’ মোস্তফা কামাল বলেন, ‘আধঘণ্টা অস্ত্রোপচার করা হয়। ওই দিন বিকেল চারটা ৪০ মিনিটের দিকে তাঁকে পোস্ট অপারেটিভে নেওয়া হয়। এ সময় তিনি নার্সদের কথায় সাড়া দিয়েছেন। কিন্তু কয়েক মিনিট পরই তাঁর রক্তচাপ (ব্লাড প্রেশার) দ্রুত নামতে থাকে। বিকেল সোয়া পাঁচটার দিকে সব চিকিৎসক এসে অক্সিজেন, ইনজেকশন দেওয়াসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেন। দ্রুত আবার সব স্বাভাবিক হয়। ছয়টার দিকে তাঁকে আইসিইউতে রাখা হয়। কিছুক্ষণ পর আবার তাঁর রক্তচাপ কমে। খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন। তাঁরা তাঁকে এখান থেকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।’ মোস্তফা কামাল আরও বলেন, ‘ল্যাবএইডে নেওয়ার পথে তাঁকে কেবল অক্সিজেন দেওয়া হয়েছিলে। পান্থপথ থেকে ল্যাবএইডে নেওয়ার এই সময়টায় তাঁর শরীরের বিভিন্ন অঙ্গের আরও ক্ষতি হয়ে থাকতে পারে। পরদিন আমরা জানতে পারি তিনি আসলে হূদরোগে আক্রান্ত হয়েছেন। এমন মৃত্যু আসলেই আমাদের জন্য দুর্ভাগ্যের।’মাজহারুল ইসলামের বাড়ি ময়মনসিংহে। তাঁর তিন ছেলে-মেয়ে। বড় ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। পরিবার, স্বজন সবার কাছেই তিনি অত্যন্ত ভালো মানুষ এবং ভালো চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। এমন একজন চিকিৎসকের মৃত্যুর দায় কে নেবে?অবহেলার কারণেই চিকিৎসকের মৃত্যু: গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই চিকিৎসক এম মাজহারুল ইসলাম মারা গেছেন বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ওই ঘটনা তদন্ত করতে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক শাফি মজুমদারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করেছিল সরকার। এক সপ্তাহ তদন্ত করার পর আজ দুপুরে কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। হূদরোগ বিশেষজ্ঞ, অবেদনবিদ, চিকিৎসা বিজ্ঞানের একজন শিক্ষক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে ওই কমিটি করা হয়েছিল। কমিটি সূত্রে জানা গেছে, যে ধরনের অস্ত্রোপচার করা হয়েছিল সেটি করতে পুরোপুরি অজ্ঞান করার দরকার ছিল না। আংশিক অজ্ঞান করেই ওই অস্ত্রোপচার করা যেত। এ ছাড়া ২৪ ডিসেম্বর অস্ত্রোপচারের পর মাজহারুলের বিষয়ে গ্যাস্ট্রোলিভারের হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল।কমিটি এ ব্যাপারে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট এবং ওই অস্ত্রোপচারের সঙ্গে জড়িত চিকিত্সকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এ ছাড়া মাজহারুলকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা করাতে যে বিপুল অর্থ খরচ হয়েছে সেই খরচও হাসপাতাল কর্তৃপক্ষকে দিতে বলেছে কমিটি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির প্রথম আলো ডটকমকে বলেন, প্রতিবেদনের ভিত্তিতে তাঁরা ব্যবস্থা নেবেন।