চিকিৎসা ছাড়াই দিন কাটছে রিতা-মিতার
সাত বছর পর ফের আলোচনায় আসা রাজধানীর মিরপুরের মানসিক বিকারগ্রস্ত সেই দুই বোন রিতা-মিতার দিন কাটছে বগুড়া সামাজিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে। গান গেয়ে, আধ্যাত্মিক কথা বলে, প্রলাপ বকে আর নিজেদের মধ্যে গল্প করে সময় কাটাচ্ছেন তাঁরা। মাঝেমধ্যে বিষণ্ন হয়ে পড়ছেন। কেন্দ্রের কারও সঙ্গেই কথা বলছেন না। ঠিকমতো খাওয়া-দাওয়াও করছেন না। রিতা-মিতার ব্যাপারে কেউ খোঁজ নেননি। তাঁদের চিকিৎসারও ব্যবস্থা হয়নি।বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলো ডটকমকে জানান, দুই বোন রিতা-মিতাকে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়ার ব্যাপারে তাঁরা আগ্রহী।এলিনা খান আরও বলেন, ‘প্রতিবছর মে থেকে জুলাই—এই তিন মাস ঘনিয়ে এলেই রিতা-মিতার পুরোনো অসুস্থতা বেড়ে যেত। এ জন্য ২০০৬ সালের পর থেকে বছরের এই সময়টা তাঁদের হাসপাতালে ভর্তি করে দেওয়া হতো। কিন্তু এ বছরের ওই সময়টাতে আমি দেশের বাইরে ছিলাম। যাঁরা তাঁদের দায়িত্ব নিয়েছিলেন, তাঁরাও যোগাযোগ করেননি। ফলে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁরা বগুড়ায় চলে গেছেন। এখন রিতা-মিতাকে বগুড়া থেকে এনে কোথাও চিকিৎসা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিভিন্নজনের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা চলছে।’সালমা আলী বলেন, বগুড়ার আবাসিক হোটেল থেকে রিতা-মিতা উদ্ধার হওয়ার পরই দুই বোন সমিতির পর্যবেক্ষণে রয়েছেন। সমিতির বগুড়ার নেতারা তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। যেসব চিকিৎসক রিতা-মিতার চিকিৎসা করেছিলেন, তাঁদের খোঁজ করা হচ্ছে। দুই বোনকে ঢাকায় এনে নিরাপদ ও ভালো পরিবেশে রেখে চিকিৎসা দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে তাঁদের মতো আলোচিত ও অসহায় দুই নারীর ব্যাপারে রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে। রাষ্ট্র ব্যর্থ হলে মহিলা আইনজীবী সমিতি অবশ্যই রিতা-মিতার পাশে দাঁড়াবে। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।গত রোববার বগুড়া শহরের আকবরিয়া আবাসিক হোটেলের তিনতলার ২১ নম্বর কক্ষ থেকে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নেতাদের সহযোগিতায় পুলিশ রিতা-মিতাকে উদ্ধার করে শহরতলির সামাজিক প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।এদিকে পুনর্বাসনকেন্দ্রে সাময়িক আশ্রয় পাওয়া দুই বোনকে নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল মানিক প্রথম আলো ডটকমকে বলেন, পুনর্বাসনকেন্দ্রে ১৬ বছরের নিচের সামাজিক প্রতিবন্ধী কিশোরীদের আশ্রয় দেওয়া হয়। এখানে রিতা-মিতার বয়সী নারীদের আশ্রয় দেওয়ার নিয়ম নেই। তবে মানবিক কারণেই সাময়িকভাবে তাঁদের আশ্রয় দেওয়া হয়েছে। এ কারণে এখানে তাঁদের চিকিৎসা করানোর সুযোগ নেই। তা ছাড়া তাঁরা কেন্দ্রের কারও সঙ্গে ঠিকমতো কথা বলছেন না। খাওয়া-দাওয়া করছেন না। তবে নিজেদের মধ্যে গল্প করছেন। কখনো গান গাইছেন। কখনো জিকির করছেন। কখনো আবার আধ্যাত্মিক কথাবার্তা বলছেন। এ পর্যন্ত পরিবার বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকেই তাঁদের ব্যাপারে খোঁজ নেওয়া হয়নি। তবে বগুড়ার জেলা প্রশাসক ফোনে দুই বোনের খোঁজখবর নিয়েছেন।বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস প্রথম আলো ডটকমকে বলেন, ভালো পরিবেশে আশ্রয়ের পাশাপাশি রিতা-মিতাকে সঠিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা জরুরি হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের চিকিৎসা সহায়তা দেওয়া যায় কি না, সেটা ভেবে দেখা হচ্ছে। ওপর মহলে আলোচনা করে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।গত ২০ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে নিজেদের চিকিৎসক ও প্রকৌশলী পরিচয় দিয়ে বগুড়া শহরের সদর থানাসংলগ্ন আকবরিয়া আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন রিতা-মিতা। তাঁরা হোটেল ভাড়ার প্রায় ৭০ হাজার টাকা পরিশোধও করেন। একপর্যায়ে হোটেলের ভাড়া দেওয়া বন্ধ করে দিলে তাঁদের খোঁজ করতে গিয়ে ভেতর থেকে কক্ষ বন্ধ পায় কর্তৃপক্ষ। বিষয়টি পুলিশকে জানালে গত রোববার দুপুরে তাঁরা এসে ওই দুই বোনকে উদ্ধার করে।২০০৫ সালে রাজধানীর মিরপুরের একটি ভৌতিক বাড়ি থেকে উদ্ধার হওয়ার পর রিতা-মিতা প্রথম আলোচনায় এসেছিলেন। এরপর বেশ কিছুদিন আইনজীবী এলিনা খানের তত্ত্বাবধানে ছিলেন তাঁরা।