চিকিৎসা দেওয়ার নাম করে...
কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউনানি চিকিৎসক বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি চিকিৎসা দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ২১ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। রশিদুল ইসলাম নামের ওই ব্যক্তির বিরুদ্ধে আরও অভিযোগ, তাঁর ওষুধ সেবন করে শিশুসহ তিনজন অসুস্থ হয়ে পড়েন। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। কটিয়াদীর কামারকোনা গ্রামের রহিমা খাতুন, শিরিনা বেগম ও কমলার অভিযোগ, রশিদুল ইসলাম ঝাড়ফুঁকের কথা বলে তাঁদের তিনজনের কাছ থেকে প্রায় ২১ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। রহিমা খাতুনের ভাষ্য, স্বামীর অমঙ্গল ও শনির দশা থেকে মুক্তির জন্য তাঁকে রশিদুল ইসলাম স্বর্ণালংকার ‘ঝাড়ফুঁক’ করিয়ে নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসক বলেন, ঝাড়ফুঁক করা স্বর্ণালংকার পরে থাকলে স্বামীর কঠিন অসুখ সারবে। রশিদুলের কথায় বিশ্বাস করে রহিমা গত মঙ্গলবার ১০ ভরি স্বর্ণালংকার তাঁর কাছে ‘ঝাড়ফুঁক’ করার জন্য দেন। গতকাল বুধবার ওই চিকিৎসক রহিমা খাতুনকে মুখ বন্ধ করা একটি প্যাকেট দিয়ে বাড়ি গিয়ে সেটি খুলতে বলেন। কিন্তু বাড়ি ফিরে রহিমা খাতুন প্যাকেটের ভেতর স্বর্ণালংকারের বদলে তাবিজ, কাগজ ও কথিত ওষুধ দেখেতে পান। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। শিরিনা বেগমের অভিযোগ, গত মঙ্গলবার একই কায়দায় রশিদুল তাঁর সাড়ে সাত ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেন। গ্রামের কমলা বেগমও একই অভিযোগ করেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে রশিদুলের দোকান বন্ধ রয়েছে। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে। স্বর্ণালংকারের খোঁজে দোকানের সামনে ভিড় জমিয়েছেন রহিমা খাতুন, শিরিনা বেগম ও কমলা। এ ব্যাপারে রহিমা খাতুনের স্বামী আসাদ মিয়া কটিয়াদি থানায় মামলা করেছেন। মামলায় তিনি রশিদুল ইসলাম (৫০) এবং তাঁর চার সহযোগী করিম (৪৫), শিউলী আক্তার (৩০), ফাতেমা আক্তার (৪০) ও রহিমা বেগম এবং রশিদুলের ভাড়া বাসার মালিক মোস্তফাকে (৫৫) আসামি করেছেন। গ্রামবাসীর দেওয়া তথ্য অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়ায় মোস্তফার বাসায় ইউনানি, আয়ুর্বেদি ও কবিরাজি চিকিৎসা দেওয়ার নামে একটি দোকান খোলেন রশিদুল। তিনি রোগী খোঁজার জন্য গ্রামের কয়েকজন ব্যক্তিকে নিয়োগ করেন। চিকিৎসক রশিদুল ইসলাম কটিয়াদী পৌরসভা থেকে একটি ট্রেড লাইসেন্স নেন। লাইসেন্স নম্বর- ৩৫৮০/৬৮০ (২০১২-১৩ অর্থ বছর)। সেখানে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী তিনি কুষ্টিয়ার ভেড়ামারার বাসিন্দা। তাঁর আয়ুর্বেদি লাইসেন্স নম্বর-২১১৬ বি, রেজি নম্বর- ১৭৫৫(৪৪)৯৭ উল্লেখ করা আছে। এ ব্যাপারে কটিয়াদি পৌরসভার লাইসেন্স পরিদর্শক সালাহউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওই চিকিৎসক (রশিদুল) আমার কাছে আবেদন জমা দেয়। পরে বাড়ির মালিক মোস্তফা এসে লাইসেন্স নিয়ে যান।’ মামলার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এদিকে রশিদুল ইসলামের দেওয়া ওষুধ সেবন করার পর শিশুসহ তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাঁরা গতকাল বুধবার রাতে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আজ সকালে অবশ্য তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে গেছেন। তাঁরা হলেন আফিয়া (৩০), জামাল (৪০) ও শিশু সাজ্জাদ (৬)। কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মনজুরুল হক বলেন, স্যালাইন ও প্রয়োজনীয় ইনজেকশন দেওয়ার পর এসব রোগী সুস্থ হয়েছেন।