চিকিৎসা দেন পরিচ্ছন্নতা কর্মী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসক মাত্র তিনজন। জরুরি বিভাগে কখনো কখনো রোগীদের চিকিৎসা দেন একজন পরিচ্ছন্নতা কর্মী। প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় উপজেলার চার লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।ধুনট পৌরসভার ১০ ইউনিয়নের ১০৯টি গ্রামে চার লাখ মানুষের বাস। দুই বছর আগে ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও জনবল ও স্বাস্থ্যসেবার কোনো উন্নতি হয়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের প্রয়োজন ২৫ জন। অথচ আছেন মাত্র তিনজন। এই তিনজন চিকিৎসক পালাক্রমে রোগী দেখেন। ফলে প্রতি ২৪ ঘণ্টায় মাত্র একজন চিকিৎসক দিয়ে চলে এখানকার চিকিৎসাব্যবস্থা। দিনের বেলায় বহির্বিভাগে রোগী দেখেন মাত্র একজন চিকিৎসা সহকারী। অনেক সময় জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় দুলালচন্দ্র নামের একজন পরিচ্ছন্নতা কর্মী রোগীদের চিকিৎসা দেন।এ ছাড়া নার্স ১৫ জন থাকার কথা থাকলেও আছেন মাত্র পাঁচজন। এই অবস্থায় চিকিৎসা না পেয়ে অনেক রোগী ফিরে যাচ্ছে অন্য হাসপাতালে কিংবা ক্লিনিকে।এদিকে একমাত্র অ্যাম্বুলেন্সটি বহুদিন অকেজো হয়ে পড়ে আছে। বহুদিন পর এক্স-রে মেশিন চালু হলেও তার প্রচার না থাকায় বেশির ভাগ রোগীই বাইরে থেকে এক্স-রে করিয়ে আনছে। রোগীদের এই অজ্ঞতার সুযোগ নিচ্ছে দালালেরা।রোগীর চিকিৎসা দেওয়া বিষয়ে পরিচ্ছন্নতা কর্মী দুলাল বলেন, ‘এখানে দীর্ঘদিন ধরে সুইপার পদে চাকরি করছি। স্যারদের পাশে থেকে চিকিৎসা দেওয়া দেখতে দেখতে কিছু কাজ শিখেছি। তাই মাঝেমধ্যে জরুরি কোনো রুগী আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হোসনে ফিরোজা বলেন, ‘আমি এখানে যোগদানের পরই কর্তৃপক্ষকে লোকবল বাড়াতে বারবার তাগাদা দিচ্ছি। লিখিত আবেদনও করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। জনবল কাঠামো এবং চিকিৎসার যন্ত্রপাতি দিতেও আবেদন করেছি। এ ছাড়া হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি মেরামতের জন্য বরাদ্দ চেয়ে পাইনি। ফলে অ্যাম্বুলেন্সটি মেরামতের অভাবে গ্যারেজে পড়ে আছে।