চিকিৎসা নিতে ভারতে আসছেন মেহেদী হাসান
বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী মেহেদী হাসান। গুরুতর ফুসফুস প্রদাহের কারণে অসুস্থ হয়ে মাস তিনেক আগে পাকিস্তানের করাচি শহরের আগা খান হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৪ বছর বয়সী এই শিল্পী। বর্তমানে শরীরের অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য এবারে ভারতে আনা হচ্ছে তাঁকে। ইতিমধ্যেই ভারতে থাকার জন্য ৩০ দিনের ভিসা পেয়েছেন তিনি।বেশ কিছুদিন ধরেই চিকিত্সার জন্য মেহেদী হাসানকে ভারতে আনার চেষ্টা চলছিল। অবশেষে সেই চেষ্টা সফল হলো। ২৪ এপ্রিল ভিসা পেয়েছেন মেহেদী হাসান। ভারতে অবস্থানকালে তাঁকে সর্বাত্মক সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। এ প্রসঙ্গে তাঁর ছেলে আরিফের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘সম্প্রতি ভারতে যাওয়ার ভিসা আমরা হাতে পেয়েছি। ভিসার মেয়াদ অনুযায়ী আপাতত আমরা ৩০ দিন নয়াদিল্লি এবং মুম্বাইয়ে অবস্থান করতে পারব।’ আরিফ আরও বলেন, ‘বাবা হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রয়োজনে ভিসার মেয়াদ বাড়ানো হতে পারে। দুজন নার্সসহ আমি, আমার স্ত্রী ও ছেলে এই সফরে বাবার সঙ্গী হব। করাচি হাসপাতালে বাবার চিকিত্সার তত্ত্বাবধানে ছিলেন ডাক্তার আজিজ সোনাওয়ালা। তিনিও আমাদের সঙ্গে যাওয়ার অনুমতি পেয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সে বাবাকে ভারতে নিয়ে যাওয়া হবে। দিল্লির ফরটিস হাসপাতাল কর্তৃপক্ষ বাবার চিকিৎসার আগ্রহ প্রকাশ করে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।’ উল্লেখ্য, ১৯২৭ সালে ভারতের রাজস্থানের লুনা গ্রামে জন্মেছিলেন মেহেদী হাসান। ‘পাত্তা পাত্তা বুটা বুটা’, ‘রাফতা রাফতা’সহ অসংখ্য জনপ্রিয় গজল উপহার দিয়েছেন বর্ষীয়ান এই সংগীত শিল্পী। ‘খান সাহেব’ এবং ‘গজল সম্রাট’ হিসেবেও সুপরিচিত তিনি। পাকিস্তানের ‘তমঘা-ই-ইমতিয়াজ’, ‘হিলাল-ই-ইমতিয়াজ’, নেপালের ‘গোরখা দক্ষিণা বাহু’সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন গুণী এই শিল্পী।