চিকিৎসা নিয়ে অভিযোগে মামলায় সিভিল সার্জনকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসায় অবহেলার কারণে স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জের সিভিল সার্জনকে ভূমিকা ব্যাখ্যা করতে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৪ এপ্রিল তাঁকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক জামিন আবেদনের শুনানিকালে এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, গত ২৩ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ইমা আক্তার নামের এক স্কুলছাত্রীকে ভর্তি করেন তার ভাই হেলাল উদ্দিন। ২৫ জানুয়ারি ওই শিক্ষার্থী মারা যায়। ওই ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় হেলাল একটি মামলা করেন। এতে জেলা হাসপাতালের চিকিৎসক এইচ আর হাবিব, সেবিকা আকলিমা খাতুন ও ঝাড়ুদার রাফিজা ওরফে নিলুফার ওরফে নিলুকে আসামি করা হয়।এ নিয়ে ২৭ জানুয়ারি ‘ঝাড়ুদারের ইনজেকশনে স্কুলছাত্রীর মৃত্যু’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন যুক্ত করে ১০ মার্চ হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন ওই চিকিৎসক। শুনানি নিয়ে আজ আদালত ওই চিকিৎসকের আট সপ্তাহের জামিন মঞ্জুর করে এই আদেশ দেন।আদালতে চিকিৎসকের পক্ষে শুনানি করেন ইফফাত গিয়াস। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।গাজী মো. মামুনুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, আদালত জামিনের বিষয়টি নিষ্পত্তি করে চিকিৎসায় অবহেলার বিষয়ে ব্যাখ্যা জানাতে কিশোরগঞ্জের সিভিল সার্জনকে হাজির হতে বলা হয়েছে।