চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন ফিরোজা বেগম
চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ার লাইনসের একটি বিমানে করে দেশে ফিরেছেন নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম। তাঁর সঙ্গে সিঙ্গাপুর গিয়েছিলেন তাঁর দুই সন্তান হামিন আহমেদ ও শাফিন আহমেদ। ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে নানাবিধ রোগে ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৪ ফেব্রুয়ারি তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পেরির তত্ত্বাবধানে দুবার তাঁর গলব্লাডারে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন—জানতে চাইলে তাঁর ছেলে শাফিন আহমেদ বলেন, শারীরিকভাবে তিনি খুব দুর্বল। খাওয়া দাওয়ার ব্যাপারে বেশ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে তাঁকে আরও দীর্ঘ চিকিৎসা নিতে হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুই দফা সিঙ্গাপুরে ফিরোজা বেগমের চিকিৎসার জন্য এরই মধ্যে বিপুল অঙ্কের টাকা খরচ হয়ে গেছে তাঁদের।শাফিন আহমেদ আক্ষেপ করে বলেন, বাংলাদেশের প্রায় সব পুরস্কারে ভূষিত ফিরোজা বেগমের অবদান সম্পর্কে সবাই অবগত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। নজরুলের গানে নিবেদিত এই শিল্পী দীর্ঘদিন ধরে অসুস্থ। অথচ তাঁর চিকিৎসার্থে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি আশা করেন, বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠিত ব্যক্তিরা ফিরোজা বেগমের অসুস্থতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং ব্যবসায়িক মহলে শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষকতার মনোভাবাপন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাঁর পাশে দাঁড়াবেন।