চিকিৎসা নিয়ে ফেরার পর আবার এসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিডে ঝলসে যাওয়া কিশোরী এ্যাপি খাতুন (১৫) প্রায় দুই মাস চিকিৎসা শেষে ঢাকা থেকে বাড়ি ফিরে আবারও এসিড-সন্ত্রাসের শিকার হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের নিজ বাড়িতে গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয় দফা তার ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় এ্যাপিকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে আবার ঢাকায় পাঠানো হয়েছে।এর আগে গত ৮ জানুয়ারি দুর্বৃত্তরা এ্যাপির ওপর এসিড নিক্ষেপ করে। এ্যাপির বাবা লাল্টু মণ্ডল অভিযোগ করে বলেন, সেই সময় তার শরীরে এসিড ছুড়ে মারলেও এবার মুখমণ্ডল ঝলসে দেওয়া হয়েছে। তখন মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বাড়ি ফেরার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বৃহস্পতিবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর পরও পুলিশ পদক্ষেপ নেয়নি। এ কারণেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।এ্যাপির মা লতিফা খাতুনের ভাষ্যমতে, একই গ্রামের আনসার আলীর ছেলে এরশাদ আলীর সঙ্গে ছয় মাস আগে এ্যাপির বিয়ে হয়। এরশাদের প্রথম স্ত্রী লাইলি খাতুন প্রায়ই এ্যাপিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সতিনের নির্যাতন সইতে না পেরে এ্যাপি তিন মাস পরই এরশাদকে তালাক দিয়ে বাড়ি ফেরেন। এরপর সে স্থানীয় ভাটই মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করে। স্কুলে ভর্তি হওয়ার পর এ্যাপিকে আবারও এরশাদ বিয়ে করতে পারে—এই আশঙ্কায় লাইলি, তাঁর ভাই কামাল ও জোছনা খাতুন এ্যাপির ওপর ৮ জানুয়ারি এসিড ছুড়ে মারে। তখন এ্যাপিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। লতিফা খাতুন জানান, দুই মাসের চিকিৎসার পর এ্যাপি গত সপ্তাহে বাড়ি ফেরে। এরপর মামলা তুলে নিতে চাপ দিতে থাকে আসামিপক্ষ। মামলা তুলে না নেওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ্যাপির ওপর আবারও তারা এসিড ছোড়ে। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক আরিফ আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এ্যাপির মুখে এসিড নিক্ষেপ করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’ শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, চেষ্টা করেও তাঁরা আসামিদের গ্রেপ্তার করতে পারেননি।