এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১৫ নভেম্বর এসেছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সহকারী অধ্যাপক ডা. এ কে এম শামসুল কবীর। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা এবং এ পেশার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তাঁরা।কথাবন্ধু: মেডিকেলে পড়তে হলে একজন শিক্ষার্থীর কোন কোন বিষয় দখলে থাকা উচিত বলে মনে করেন?ডা. এ কে এম শামসুল কবীর: চিকিৎসাশাস্ত্রে পড়তে হলে আগে থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। এইচএসসিতে বায়োলজি থাকতে হবে। যেহেতু মানুষের শরীর নিয়ে পড়াশোনা করতে হয়, তাই আগে থেকে ব্যাঙ, তেলাপোকা, কেচোর শরীর, শিরা, ধমনি, রক্ত, কোষ, কলা ইত্যাদি নিয়ে একটি প্রাথমিক ধারণা অর্জন করতে হয়। এ ছাড়া অবশ্যই ইংরেজিতে ভালো হতে হবে।কথাবন্ধু: আপনি মেডিসিন বিষয়ে পড়াশোনা করেছেন? এই নির্দিষ্ট বিষয়টি আপনি কেন বেছে নিলেন?ডা. এ কে এম শামসুল কবীর: আমি মূলত মেডিসিন লিভার ডিজিস বিশেষজ্ঞ। এফসিপিএস ডিগ্রি করার পর এমডি করেছি। আমাদের শরীরে যত রোগ হয়, মানুষ শুরুতেই মেডিসিন বিশেষজ্ঞের কাছে যায়। তিনি ঠিক করে দেন এটি কী ধরনের রোগ। সে ক্ষেত্রে মেডিসিনে অবশ্যই জ্ঞান থাকতে হবে। এ জন্য এ বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করেছি।কথাবন্ধু: মেডিকেলে পড়তে হলে মুখস্থ বিদ্যায় ভালো হতে হয়। এর সঙ্গে কি আপনি একমত?ডা. এ কে এম শামসুল কবীর: এ ধারণা ঠিক নয়। যখন একজন শিক্ষার্থী প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ শেষ করে, তখন তাকে মানুষের শরীর সম্পর্কে জানতে হয়। আর জানতে হলে অবশ্যই তাকে দেখতে হয়। তাই এখানে শুধু মুখস্থ করলেই হবে না। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় বর্ষে ফিজিওলজিতেও কিন্তু বোঝার ব্যাপার রয়েছে। তৃতীয় ও চতুর্থ বর্ষেও প্যাথলজি, মেডিসিন, ফরেনসিক মেডিসিন বিষয়গুলো বুঝতে হবে।কথাবন্ধু: বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করতে চাইলে একজন শিক্ষার্থী কোন কোন বৈশিষ্ট্য দেখে সেই কলেজের মান সম্পর্কে নিশ্চিত হবে?ডা. এ কে এম শামসুল কবীর: যে বেসরকারি মেডিকেল কলেজে আপনি ভর্তি হতে ইচ্ছুক, তার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে সেই সংশ্লিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের কাঠামো কতটা সুসংহত। সেখানে রোগী ভর্তি কেমন হচ্ছে। রোগীর সংখ্যা কেমন। যেহেতু রোগী দেখেই আপনাকে শিক্ষতে হবে। এরপর দেখতে হবে সেখানে কারা শিক্ষক হিসেবে কমর্রত আছেন এবং কে কোন বিভাগে বিশেষজ্ঞ। এ ছাড়া লাইব্রেরি, ল্যাব ও শিক্ষাসরঞ্জাম কতটুকু রয়েছে, তা আগে থেকে জেনে নিতে হবে।শ্রোতাবন্ধু সুমি (খুদেবার্তা থেকে): বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে ডিগ্রি নেওয়া যাবে কি না?ডা. এ কে এম শামসুল কবীর: অবশ্যই পারবেন। কারণ বেসরকারি মেডিকেল কলেজ একটি বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ এবং ঢাকার বেসরকারি মেডিকেল কলেজগুলো পরিচালিত হয়। এখানে মেধার গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি চাইলে এফসিপিএস, এমডি, এমএস করতে পারবেন। এমনকি বিদেশ থেকেও ডিগ্রি নিতে পারবেন।কথাবন্ধু: প্রি-ক্লিনিক্যাল বিষয় সম্পর্কে কিছু বলুন? প্রি-ক্লিনিক্যাল বিষয়ে বিশেষজ্ঞ হতে হলে বিশেষ কোনো প্রশিক্ষণের দরকার রয়েছে কি?ডা. এ কে এম শামসুল কবীর: অ্যানাটমি অর্থাৎ এখানে মানুষের শরীর সম্পর্কে ধারণা দেওয়া হয়। গ্রস অ্যানাটমি অর্থাৎ পেশি, নার্ভ ইত্যাদি। ফিজিওলজি হচ্ছে, শরীরের অন্য অংশগুলো কীভাবে কাজ করে। হার্ট, পেশি, মাসল, রক্ত কীভাবে কাজ করে ইত্যাদি। এ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের দেশে রয়েছে। প্রশিক্ষণের আগে এমবিবিএস করতে হবে। এরপর বিশেষজ্ঞের সঙ্গে থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।কথাবন্ধু: বাংলাদেশে এফসিপিএস, এমডি, এমএস ডিগ্রি অর্জনের ব্যবস্থাগুলো কী?ডা. এ কে এম শামসুল কবীর: এমডি ডিগ্রি দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। আর অন্য মেডিকেল কলেজগুলোতে এখন পোস্ট গ্রাজুয়েট কোর্স চালু হয়েছে, যেমন—ঢাকা মেডিকেল কলেজ থেকে এমডিএমএস (আন্ডার দ্য ইউনিভার্সিটি অব ঢাকা) ডিগ্রি দেওয়া হয়। এফসিপিএস অবশ্যই আন্তর্জাতিক মানের ডিগ্রি। এফসিপিএস করে সরাসরি ইংল্যান্ডে এমআরসিপি বা এফআরসিএসে অংশ নেওয়া যায়।কথাবন্ধু: পাবলিক হেলথ বিষয় পড়তে হলে কি এমবিবিএস ডিগ্রি প্রয়োজন, নাকি যে কেউ বিষয়টি নিয়ে পড়াশোনা করতে পারে?ডা. এ কে এম শামসুল কবীর: আমাদের দেশে অনেকেই এখন এমপিএইচ (মাস্টার অন পাবলিক হেলথ) করছে। অনেক নার্স বা সেবিকাও এটি করছেন। আবার অনেকেই এমবিএ করে পাবলিক হেলথে পড়ছেন। কারণ, মেডিকেল পেশায় প্রশাসনিক দিক রয়েছে। সিভিল সার্জন, স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিয়ে কাজ করে। কথাবন্ধু: বাংলাদেশে মেডিকেল বিষয়ে ডিপ্লোমাকে কোন পর্যায়ের ডিগ্রি হিসেবে ধরা হয়?ডা. এ কে এম শামসুল কবীর: বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা রয়েছে, যেমন—ডিপ্লোমা ইন কার্ডিওলিজি, ফিজিওথেরাপি ইত্যাদি। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত ডিগ্রি। ইংল্যান্ডে কিন্তু ডিপ্লোমা রয়েছে। কথাবন্ধু: যারা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করতে আগ্রহী, তাদের উদ্দেশে আপনার পরামর্শ কী?ডা. এ কে এম শামসুল কবীর: অনেক পরিশ্রম করতে হবে, কর্মঠ হতে হবে। অবশ্যই ইংরেজিতে ভালো করতে হবে। একই সঙ্গে সচেতন ও সহনশীল হতে হবে। তারপর চিকিৎসাবিদ্যায় আসতে হবে। এগিয়ে যেতে হলে পরিশ্রম এবং অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।গ্রন্থনা: সুদীপ দে