চিকিৎসা-সংকটে মাদকাসক্ত আফগান নারীরা (ভিডিও)
যুদ্ধ শেষে সবেমাত্র পুনর্গঠনের কাজ শুরু হয়েছে আফগানিস্তানে। কিন্তু মাদকের ছোবলে দেশটিতে আরেকটি নতুন সংকট দেখা দিয়েছে। শুধু পুরুষেরাই নয়, দেশটির অনেক নারীও এখন মাদকাসক্ত। যুদ্ধের ভয়াবহতা, অর্থনৈতিক সমস্যা ও খাদ্যের অভাব দেশটির নাগরিকদের ঠেলে দিয়েছে মাদকের দিকে।মাদক-নিরাময় প্রতিষ্ঠান নেজাদ সেন্টারে চিকিৎসা নিতে এসেছেন মাদকাসক্ত নারী নাজিয়া জান। তিনি বলেন, ‘আমার স্বামী ইরানে থাকতেই মাদকে আসক্ত ছিল। আফগানিস্তানে ফিরে আসার পর সে আমাদের সামনেই ঘরের মধ্যে মাদক গ্রহণ করত। পরে আমি এবং আমার সন্তানও মাদকে আসক্ত হয়ে পড়ি। এখন মাদক না নিলে শরীরে ব্যথা শুরু হয়ে যায়, শুধু মাদক গ্রহণ করেই এই ব্যথা দূর করা সম্ভব।’আফগানিস্তান সরকার হিসাব করে দেখেছে, দেশটিতে ১০ লাখ নাগরিক আফিম ও হেরোইন আসক্ত। তাদের মধ্যে অনেক নারীও রয়েছে।নেজাদ সেন্টারের একজন কর্মকর্তা বলেন, ‘আফগানিস্তানের প্রায় ৬০ হাজার নারী মারিজুয়ানায় আসক্ত। যে দেশে নারীদের বাইরে যেতে পুরুষের অনুমতির দরকার হয়, তাদের মাদক-নিরাময় করতে চিকিৎসা দেওয়া খুব জটিল একটি ব্যাপার।’অন্য এক মাদকাসক্ত নারী সাপেরায় জান বলেন, ‘দেশে গৃহযুদ্ধের সময় আমরা অর্থনৈতিক সমস্যায় পড়ি। যুদ্ধের দুর্ভোগ ও কষ্ট দূর করতে আমরা আস্তে আস্তে আফিমে অভ্যস্ত হয়ে পড়ি।’নেজাদ সেন্টারের ব্যবস্থাপক মোহাম্মদ আমান রাউফি বলেন, ‘আমরা মাদকের আগ্রাসন দূর করার চেষ্টা করছি। কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। আমরা দেখতে পাচ্ছি, দিন দিন মাদকাসক্ত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে।’ রয়টার্স।