চিকিৎসা সম্পর্কে জানাতে ৮ আগস্ট চিকিৎসককে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় নির্যাতিত যুবকের চিকিৎসার সনদ বিষয়ে ব্যাখ্যা দিতে চিকিৎসক নূর আক্তারকে তলব করেছেন হাইকোর্ট। তাঁকে ৮ আগস্ট আদালতে হাজির হতে বলা হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।একই বেঞ্চের আগের নির্দেশনা অনুসারে ব্যাখ্যা জানাতে হাজির হন নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ। তবে মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মারা গেছেন। দুই পুলিশ কর্মকর্তার পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ।আদালতে শুনানিকালে বন্দর থানার ওসি বলেন, গত ১৯ জুলাই ওই যুবককে নির্যাতনের ঘটনা জানার পরদিনই পাঁচজনকে আসামি করে মামলা করা হয়। মামলার অন্যতম আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ইউপি চেয়ারম্যান গত ২৪ জুলাই মারা গেছেন। বাকিরা পলাতক। এ সময় ওসি আদালতে চিকিৎসা-সংক্রান্ত সনদ তুলে ধরেন। এ পর্যায়ে আদালত এই চিকিৎসা সনদের বিষয়ে ব্যাখ্যা জানাতে চিকিৎসক নূর আক্তারকে হাজির হওয়ার আদেশ দেন।আদালত দুই পুলিশ কর্মকর্তাকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিয়েছেন। ঘটনার সর্বশেষ অবস্থা সম্পর্কে ১৫ দিনের মধ্যে বন্দর থানার উপপরিদর্শকের (এসআই) মাধ্যমে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। যুবক নির্যাতনের ঘটনায় গত ২৪ জুলাই জেলার পুলিশ সুপার, ওসি ও মুছাপুর ইউপির চেয়ারম্যানকে আজ হাইকোর্টে হাজির হতে বলা হয়েছিল। একই সঙ্গে ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), নারায়ণগঞ্জের পুলিশ সুপার, বন্দর থানার ওসি ও মুছাপুর ইউপি চেয়ারম্যানকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। প্রসঙ্গত, ২০ জুলাই একটি দৈনিকে ‘প্রেম করে বিয়ে করায় সালিসদারেরা যা করলেন...’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নারায়ণগঞ্জের বন্দর থানার মুছাপুরে প্রেম করে বিয়ে করার অভিযোগে এক যুবককে মারধরসহ নির্যাতন চালানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনটি করেন।