চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ব্রিটিশ অধ্যাপক রবার্ট এডওয়ার্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ অধ্যাপক রবার্ট জি এডওয়ার্ডস এবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছেন। ইন-ভিটরো ফার্টিলাইজেশন (আইভিএফ) প্রযুক্তি উদ্ভাবনের জন্য ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এডওয়ার্ডসকে এই পুরস্কারে ভূষিত করা হয়। আইভিএফ প্রযুক্তির মাধ্যমে তিনি প্রথম টেস্টটিউব শিশুর জন্ম দিতে সক্ষম হন। সুইডিশ ক্যারলিনস্কা ইনস্টিটিউট গতকাল সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে সংবাদ সম্মেলন করে এই পুরস্কারের জন্য অধ্যাপক এডওয়ার্ডসের নাম ঘোষণা করে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এডওয়ার্ডস পঞ্চাশের দশকে বন্ধ্যাত্ব নিয়ে গবেষণা শুরু করেন। প্রায় তিন দশক গবেষণার পর আইভিএফ প্রযুক্তির মাধ্যমে তিনি টেস্টটিউব শিশুর জন্ম দিতে সক্ষম হন। এই প্রযুক্তিতে কৃত্রিম পদ্ধতিতে ডিম্বাণু নিষিক্তকরণ প্রক্রিয়ায় টেস্টটিউব শিশুর জন্ম দেওয়া হয়। এডওয়ার্ডসের এই গবেষণায় অন্যতম সহযোগী ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্যাট্রিক স্টেপটো। স্টেপটো ১৯৮৮ সালে মারা যান।১৯৭৮ সালের ২৫ জুলাই এডওয়ার্ডসের হাতেই জন্ম হয় বিশ্বের প্রথম টেস্টটিউব শিশু লুইস ব্রাউনের। তাঁর এই সফলতায় বিশ্বের লাখ লাখ বন্ধ্যা দম্পতি আইভিএফ প্রযুক্তির মাধ্যমে সন্তান লাভ করছে। আইভিএফ প্রযুক্তিতে টেস্টটিউব শিশুর জন্ম দেওয়ার বিষয়টিকে ‘আধুনিক চিকিৎসাবিজ্ঞানের মাইলফলক’ বলে অভিহিত করেছে নোবেল পুরস্কার কমিটি। এই কমিটি জানায়, বিশ্বের শতকরা ১০ ভাগেরও বেশি দম্পতি বন্ধ্যা। আগে এই দম্পতিরা সারা জীবন অস্বাভাবিক মানসিক হতাশায় ভুগত। তাদের জন্য তেমন কার্যকর ওষুধও ছিল না। কিন্তু আইভিএফ প্রযুক্তি সফল হওয়ার পর সেই পরিস্থিতি পাল্টে গেছে। এখন এই প্রযুক্তির মাধ্যমে সন্তান নেওয়া একটি প্রতিষ্ঠিত ও কার্যকর পদ্ধতি বলে বিবেচিত। বর্তমানে বিশ্বে প্রায় ৪০ লাখ টেস্টটিউব শিশু রয়েছে। কিছু গবেষণায় দেখা যায়, স্বাভাবিকভাবে জন্ম নেওয়া শিশুদের চেয়ে টেস্টটিউব শিশুদের বিকলাঙ্গতা ও দুর্লভ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। তবে এর বিপরীতে নোবেল পুরস্কার কমিটির বক্তব্য হলো—টেস্টটিউব শিশুরাও স্বাভাবিকভাবে জন্ম নেওয়া শিশুদের মতোই সুস্বাস্থ্যের অধিকারী।৮৫ বছর বয়সী বিজ্ঞানী এডওয়ার্ডস অসুস্থ থাকায় তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। নোবেল পুরস্কার কমিটির সদস্য গোরান হানসন জানান, অসুস্থ থাকায় বিজ্ঞানী এডওয়ার্ডসের সঙ্গে তাঁরা কথা বলতে পারেননি। তবে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি পুরস্কারের কথা শুনে আনন্দ প্রকাশ করেন। এডওয়ার্ডসের স্ত্রী বলেন, এ খবর পেলে এডওয়ার্ডসও দারুণ খুশি হবেন। বিজ্ঞানী রবার্ট জি এডওয়ার্ডস ১৯২৫ সালে ব্রিটেনের ম্যানচেস্টারে জন্মগ্রহণ করেন। তিনি বাঙ্গোরে ওয়েলস বিশ্ববিদ্যালয় ও স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকেই তিনি ১৯৫৫ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৫৮ সালে লন্ডনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর মেডিকেল রিসার্চে বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেন তিনি। সেখানেই তিনি মানুষের সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়া নিয়ে গবেষণা শুরু করেন। ১৯৬৩ সালে প্রথমে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ও পরে বিশ্বের প্রথম আইভিএফ সেন্টার বয়ুর্ন হল ক্লিনিকে কাজ শুরু করেন এডওয়ার্ডস। এএফপি, বিবিসি, দ্য টেলিগ্রাফ।