চিকিৎসায়, হাসপাতাল পরিচালনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে চিকিৎসা পেশায় মেয়েরা নতুন নয়। প্রায় প্রতিটি বিশেষায়িত শাখায় নারী চিকিৎসকদের ব্যাপক উপস্থিতি ও উৎকর্ষ এই পেশায় মেয়েদের সাফল্য প্রমাণ করেছে। কিন্তু আর দশটি ক্ষেত্রের মতো এখানেও নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের শীর্ষ পর্যায়ে নারীদের উপস্থিতি এখনো কম। পেশাগত সাফল্য লাভের পর যোগ্যতা থাকা সত্ত্বেও খুব কমসংখ্যক নারীই মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ইনস্টিটিউটের প্রধান বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইত্যাদি পদে আসীন হতে পেরেছেন বা চেয়েছেন। সেটা কি ‘ঝামেলা’ এড়াতে?আন্তর্জাতিক নারী দিবসের আগে এই প্রশ্নটি ছিল অধ্যাপক নাজমুন নাহারের প্রতি। সফল এই শিশু চিকিৎসক মেডিকেল স্নাতকোত্তর শিক্ষার সর্বোচ্চ নিয়ন্ত্রক বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র নারী সভাপতি। ছিলেন বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি এবং বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি। পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনেরও সহসভাপতি ছিলেন তিনি। হয়েছেন প্রগতিশীল চিকিৎসকদের অরাজনৈতিক সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতিও। আর বর্তমানে এশিয়ার অন্যতম বৃহৎ ডায়াবেটিস চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান বারডেম হাসপাতালের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি। ৭০০ শয্যার এই সুবৃহৎ হাসপাতালে কেবল চিকিৎসক, নার্স ও ট্রেইনি হিসেবে কর্মরত আছেন সহস্রাধিক কর্মকর্তা; প্রশাসন ও তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারী মিলিয়ে সংখ্যাটি দ্বিগুণের চেয়ে বেশি। একই সঙ্গে মহিলা ও শিশুদের জন্য স্থাপিত সেগুনবাগিচায় বারডেম-২-এরও মহাপরিচালক তিনি। মোটামুটি এক বিশাল কর্মযজ্ঞ চালাতে হয় তাঁকে। —তো শিশু চিকিৎসক হিসেবে সফলতা অর্জনের পর এসব ‘ঝামেলা’ তিনি কেন নিতে গেলেন? অধ্যাপক নাজমুন নাহারের জবাব, ‘মেয়েরা বড় দায়িত্ব নিতে পারে না বা পারবে না—এটা আমি বিশ্বাস করি না। বরং মেয়েরাই অফিস পরিচালনা, প্রশাসন, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি কাজ আরও গুছিয়ে এবং সুচারুভাবে করতে পারেন। বারডেমে প্রথম আমি শিশু বিভাগের অধ্যাপক ও প্রধান হিসেবেই এসেছিলাম। তারপর প্রশাসনিক দায়িত্বগুলো নিতে শুরু করি। এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থেকে, প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. ইব্রাহিমের সঙ্গে কাজ করার স্মৃতি থেকে প্রতিষ্ঠানের নানা ভালোমন্দে ধীরে ধীরে জড়িয়ে যেতে থাকি। মহাপরিচালকের পদে কিন্তু এক লাফে আসিনি, ধাপে ধাপে এসেছি।’—কিন্তু এসব জায়গায় মেয়েদের এখনো এত কম উপস্থিতি কেন? জবাবে তিনি বলেন, ‘আমি দেখি যে আমাদের পেশায় অনেক নারীরই এই যোগ্যতা, এই সম্ভাবনা আছে। তার পরও এই জায়গাগুলোতে মেয়েরা আসতে চায় না কিছুটা ভয়ে, কিছুটা সামাজিক কারণে। সংসারের ক্ষতির আশঙ্কা ও পারিবারিক অসহযোগিতার ভয় অনেককে পেছনে টেনে রাখে। তার ওপর নারী চিকিৎসকেরা পড়াশোনা ও ক্যারিয়ারের পেছনে জীবনের অনেক খানি শ্রম ও সময় ব্যয় করে ফেলার পর আরও কিছু করার সাহস, আস্থা বা উৎসাহ হারিয়ে ফেলেন। আশঙ্কা থাকে যে পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি এমন হতে পারে যে চিকিৎসক হয়েছ, বিশেষজ্ঞও হয়েছ, চাকরি করছ, অধ্যাপক পর্যন্ত হয়েছ, নামধাম হয়েছে, অর্থকড়িও হয়েছে তো আর কী চাও? তাঁর ওপর মেয়েটি জানে যে স্ত্রী এবং মা হিসেবে কর্তব্যগুলো সুচারুভাবে সম্পন্ন না করতে পারলে তাঁর সমস্ত অর্জনই বৃথা হিসেবে দেখা হবে। যোগ্যতা প্রমাণের এই দ্বিগুণ চাপ সামাল দেওয়ার পর আরও সামনে এগোনোর, আরও দায়িত্ব নেওয়ার স্পৃহাই যায় চলে।’—কিন্তু সংসার ও পরিবার সামলেও তা অসম্ভব যে নয়, তা তো প্রমাণ করেছেন আপনি, আপনারা? অধ্যাপক নাজমুন নাহারের জবাব, ‘পেরেছি। কিন্তু কষ্ট হয়েছে। কখনো মনে হয়েছে সন্তানদের বঞ্চিত করা হচ্ছে। কখনো মনে হয়েছে সংসারে ঠিকমতো মনোযোগ দেওয়া হচ্ছে না। ছেলেমেয়েরা যখন বলেছে আমরা কখনো বড় হয়ে তোমার মতো ডাক্তার হব না, তখন মন খারাপ করেছি। এখন আমার মেয়ে চিকিৎসক। ছেলেটি আইটি প্রকৌশলী।’—তাহলে সংসার আর অত্যন্ত ব্যস্ত কর্মক্ষেত্র—দুটোকে কীভাবে সামাল দিয়েছেন?এর উত্তরে অধ্যাপক নাজমুন নাহার বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে আপস করেছি। অফিসের পর খুবই অল্প পরিসরে প্র্যাকটিস করেছি। কখনো কলে যাইনি। বছরে একবার কি দুবার তাদের নিয়ে বেড়াতে গিয়েছি। কোয়ালিটি টাইম দিতে চেষ্টা করেছি। —কী করলে মেয়েরা পেশাগত স্থানে নীতিনির্ধারণী জায়গাগুলোতে আসতে পারবে? এর উত্তরে অধ্যাপক নাজমুন নাহার বলেন, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে অন্তত নারী চিকিৎসকদের আলাদা একটি সংগঠন থাকা উচিত। এটি অনেক পেশাতেই আছে। যেমন বিচারকদের মধ্যে আছে, সরকারি কর্মকর্তাদের আছে। এতে করে অনেক বেশি মেয়ে তাদের সাংগঠনিক ও প্রশাসনিক দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবে। চিকিৎসকদের সংগঠন, সংস্থা বা সমিতির বড় বড় পদগুলোতে প্রতিযোগিতা করার সুযোগও বাড়বে। এ রকম একটা কিছু করার পরিকল্পনা আছে আমার।’ছাত্রজীবনে রাজনীতি করেছেন, প্রয়োজনে বহুবার নেমেছেন রাজপথে দাবি আদায় করতে। সাংগঠনিক দক্ষতা প্রমাণ করেছেন বিসিপিএসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নির্বাচিত একমাত্র নারী সভাপতি হয়ে। তাই তিনি মনে করেন প্রতিটি মানুষেরই নিজের কাজের বাইরেও আছে কিছু সামাজিক দায়বদ্ধতা। তার কথা ভুলে গেলে চলবে না।