বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর দিয়ে বাণিজ্যিকভাবে পৌর এলাকার বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আলো সরবরাহ করা হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ৩১ শয্যার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা নিশ্চিত ও রোগীদের সুবিধার্থে আমতলী উপজেলা পরিষদের তহবিল থেকে পাঁচ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ১৬ অশ্বশক্তির একটি জেনারেটর ও সাতটি বৈদ্যুতিক পাখা অনুদান দেওয়া হয়। ২০০৯ সালের মে মাসে হাসপাতাল কর্তৃপক্ষ সরকারিভাবে জ্বালানি তেলের বরাদ্দ না থাকার অজুহাতে একটি ১০০০ ওয়াটের আইপিএসের (ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই) বিনিময়ে জেনারেটরটি আমতলী শহরের জেনারেটর ব্যবসায়ী মইনউদ্দীন পহলানকে দিয়ে দেন। এরপর মাত্র দুই মাস যেতে না যেতেই মইনউদ্দীনের দেওয়া আইপিএসটি বিকল হয়ে যায়। পরে এটিকে আর মেরামত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে রাতে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। হাসপাতালে বিকল্প কোনো আলোর ব্যবস্থা না থাকায় রোগীরা নিজেদের অর্থে মোমবাতি অথবা হারিকেন জ্বালিয়ে আলোর ব্যবস্থা করে। হাসপাতালে চিকিৎসাধীন আমতলীর কড়ইবাড়িয়া গ্রামের আবুল হাসেম বলেন, ‘প্রতি রাইতে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। তখন হাসপাতালটারে ভূতের বাড়ি মনে অয়। এহন বাড়ি গিয়া হেরিকেন আনছি, কারেন্ট গেলে হেরিকেন জ্বালাইয়্যা রাহি।’ চিকিৎসক সূত্রে জানা যায়, রাতে বিদ্যুৎ চলে গেলে জরুরি বিভাগে অনেক সময় টর্চ জ্বেলে রোগীদের চিকিৎসা দিতে হয়। হাসপাতালে বিকল্প আলোর ব্যবস্থা না থাকায় চিকিৎসাসেবা দিতে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মদন জি পাল বলেন, ‘যে সময় জেনারেটরটি ওই ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হয়েছে, তখন আমি এখানে কর্মরত ছিলাম না। তবে পরে জেনেছি, উপজেলা স্বাস্থ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটা করা হয়েছে।’তিনি অভিযোগ করেন, জেনারেটর ও আইপিএস বিনিময়কালীন চুক্তি অনুযায়ী আইপিএস সরবরাহকারী মইনউদ্দীন পহলান আইপিএসের ওয়ারেন্টি পরিষেবা দেওয়ার জন্য চুক্তি করলেও তা তিনি দেননি। এ বিষয়ে আমরা তাঁকে বারবার অনুরোধ করেও কোনো ফল পাইনি।এ ব্যাপারে জেনারেটর ব্যবসায়ী মইনউদ্দীন পহলান বলেন, ‘ত্রুটিপূর্ণ ব্যবহারের কারণে হাসপাতালের লোকজন একবার আইপিএসটির মেশিন পুড়িয়ে ফেলে। আমি সেটি বদলে নতুন আরেকটি আইপিএস মেশিন দিই। পরে আইপিএসের ব্যাটারির কর্মক্ষমতা নষ্ট হয়ে গেলে আইপিএসটি অচল হয়ে যায়। ব্যাটারি বদলে দেওয়া আমার চুক্তির মধ্যে পড়ে না। তবুও মানবিক কারণে ব্যাটারি কেনার জন্য প্রয়োজনীয় টাকার একটা অংশ আমি দিতে সম্মত আছি বলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু পরে তারা এগিয়ে আসেনি।’