চিকিৎসার খরচ প্রদর্শন বাধ্যতামূলক
ভারতের সব ধরনের বেসরকারি হাসপাতালকে বিভিন্ন রোগের চিকিৎসা খরচ বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে। এ ধরনের একটি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে আজ সোমবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশটির স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক জগদীশ প্রসাদ বলেছেন, তাঁরা এ ধরনের একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন। পরিকল্পনা অনুযায়ী, সব বেসরকারি হাসপাতালকে বাধ্যতামূলকভাবে বিভিন্ন রোগের চিকিৎসার খরচ ঘোষণা প্রদর্শন করতে হবে। জগদীশ প্রসাদ জানান, চিকিৎসার নামে মাত্রাতিরিক্ত বিল আদায় বন্ধ ও স্বাস্থ্য খাতে স্বচ্ছতা নিশ্চিত করাই এ পরিকল্পনার উদ্দেশ্য। পরিকল্পনা অনুযায়ী, সব বেসরকারি হাসপাতালের সেবার মানের ওপর ভিত্তি করে খরচের একটি শ্রেণীকরণ করা হবে। নতুন এ ব্যবস্থা কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। প্রাথমিক অবস্থায় বেসরকারি হাসপাতালগুলোর কাছে বিভিন্ন রোগের চিকিৎসার খরচের তালিকা চাওয়া হবে। পরে এই তালিকা অনুযায়ী হাসপাতালগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হবে।