চিকিৎসার জন্য আবার কিউবায় চাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ চিকিৎসার জন্য কিউবা গেছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি কিউবায় চিকিৎসার উদ্দেশ্যে গেলেন। চিকিৎসার জন্য যাওয়ার আগে তিনি কিছু রাষ্ট্রীয় ক্ষমতা ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ও অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন। খবর রয়টার্সের।কিউবা যাওয়ার আগে চাভেজ বলেন, ‘এটা মরে যাওয়ার সময় নয়, বাঁচার সময়।’ তিনি জানান, চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, তাঁর দেহে কোনো ক্ষতিকর কোষ নেই। আজ রোববার কিউবায় তিনি কেমোথেরাপি নেবেন। এদিকে গতকাল শনিবার ভেনেজুয়েলার জাতীয় পরিষদ চাভেজকে চিকিৎসার জন্য কিউবা যাওয়ার অনুমতি দিয়ে ভোট দিয়েছে। কিউবার উদ্দেশে দেশ ছাড়ার কয়েক ঘণ্টা আগে চাভেজ জানান, তিনি উপরাষ্ট্রপতি ও অর্থমন্ত্রীর কাছে তাঁর কিছু ক্ষমতা হস্তান্তর করেছেন।এর আগে চাভেজের অনুপস্থিতিতে তাঁর সব ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছিল বিরোধী পক্ষ। চাভেজ অবশ্য সেই দাবি নাকচ করে দিয়েছেন। তবে তিনি কত দিন কিউবায় চিকিৎসার জন্য থাকবেন, তা পরিষ্কার করেননি।