চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন সালেহ
ইয়েমেনের বিদায়ী প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ গতকাল শনিবার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন। আল জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।ইয়েমেনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের এই সফর স্বল্প সময়ের জন্য। সালেহ ওমান থেকে লন্ডন হয়ে যুক্তরাষ্ট্রে যান। তবে নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রের তাঁর বিস্তারিত সফরসূচি প্রকাশ করা হয়নি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের অজ্ঞাত কোনো স্থানে অবস্থান করছেন। তিনি সেখানে কত দিন থাকবেন, কোথায় থাকবেন অথবা কোথায় চিকিত্সা নেবেন, তা-ও পরিষ্কার নয়। দীর্ঘ ৩৩ বছরের শাসনামলে কৃতকর্মের জন্য গত রোববার জনগণের কাছে ক্ষমা চান প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। এরপর তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ওমানে যান। উপসাগরীয় কয়েকটি দেশের মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে প্রেসিডেন্ট সালেহ ক্ষমতা ত্যাগ করতে রাজি হন। ২১ ফেব্রুয়ারি তাঁর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শেষ হবে। চিকিৎসার কথা বলা হলেও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতেই সালেহ যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানা গেছে। ক্ষমতা হস্তান্তরের চুক্তি অনুযায়ী পার্লামেন্ট সালেহকে দায়মুক্তি দিয়েছে।