চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সেই ছাত্রী
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার মেডিকেলের ওই ছাত্রীকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানানো হয়।সিঙ্গাপুরে ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়, ওই ছাত্রীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নাম না প্রকাশের শর্তে ভারতের একজন কেন্দ্রীয় মন্ত্রী জানান, ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। এটিই এখন সরকারের কাছে মুখ্য।নয়াদিল্লির সফদারজং হাসপাতালের একজন চিকিত্সক জানান, এক সপ্তাহ ধরে এখানে তাঁর চিকিত্সা চলছিল। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বাঁচিয়ে রাখাটাই কঠিন।’সিঙ্গাপুরে ওই ছাত্রীর সঙ্গে তাঁর বাবা-মা রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ গতকাল বুধবার সকালে তাঁর সংকটাপন্ন অবস্থা নিয়ে আলোচনা করে এবং উন্নত চিকিত্সার জন্য তাঁকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে উত্তরখণ্ডের ২৩ বছর বয়সী ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর ওই ছাত্রী ও তাঁর ছেলেবন্ধুকে প্রচণ্ড মারধর করে দুর্বৃত্তরা। বন্ধুটিকে রড দিয়ে বেধড়ক পেটায় এবং চলন্ত বাস থেকে তাঁদের ফেলে দেওয়া হয়। এরপর ওই ছাত্রীকে দিল্লির সফদারজং হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনার প্রতিবাদে কয়েকদিন ধরে নয়াদিল্লি, কলকাতা, গুয়াহাটি, হায়দরাবাদসহ বড় বড় শহরে রাস্তায় নেমে আসেন হাজার হাজার নারী-পুরুষ। এর মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। ইন্ডিয়া গেটে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত এক পুলিশ কনস্টেবল গতকাল মঙ্গলবার সকালে মারা গেছে।