চিকিৎসার দেশি বই বিশ্ববাজারে
বিখ্যাত দুটি প্রকাশনা সংস্থা ২০১০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মেডিসিন অনুষদের ডিন এ বি এম আব্দুল্লাহর চারটি বই ছেপে আন্তর্জাতিক বাজারে ছেড়েছে।শর্ট কেসেস ইন ক্লিনিক্যাল মেডিসিন এবং রেডিওলজি ইন মেডিকেল প্র্যাকটিস নামের দুটি বই প্রকাশ করেছে ব্রিটিশ-আমেরিকান চিকিৎসাবিজ্ঞান ও শিক্ষাবিষয়ক প্রকাশনা সংস্থা এল্সভিয়ার। প্রকাশনা সংস্থাটি এ বছরের শুরু থেকে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রায় ৪০টি দেশের বাজারে এই বই বিক্রি শুরু করেছে।শর্ট কেসেস ইন ক্লিনিক্যাল মেডিসিন বইটি মূলত রোগের বিবরণ, রোগ নির্ণয়ের পদ্ধতি এবং কী চিকিৎসা দরকার, তা সুনির্দিষ্ট করে আলোচনা করা হয়েছে। বইটিতে ব্যবহার করা হয়েছে প্রায় ৬০০ ছবি ।রেডিওলজি ইন মেডিকেল প্র্যাকটিস বইটি মূলত এক্স-রে বিষয়ক বই। এক্স-রের মাধ্যমে রোগ নির্ণয় এই বইয়ের মূল প্রতিপাদ্য। এই বইতে তিনি সাত শতাধিকের বেশি ছবি ব্যবহার করেছেন।ভারতের মেডিকেল প্রকাশনা সংস্থা জয়পি ব্রাদার্স প্রকাশ করেছে: কেস হিস্ট্রি অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন ইন মেডিকেল প্র্যাকটিস এবং ইসিজি ইন মেডিকেল প্র্যাকটিস ।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বই দুটি পাওয়া যাচ্ছে ২০১০,মার্চ থেকে। স্পেন ও লাতিন আমেরিকার পাঠকদের জন্য বই দুটির স্প্যানিশ ভাষায় অনুবাদের কাজ চলছে।বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রধানত বিদেশি লেখকদের বই পড়েন, ব্যবহার করেন। বইয়ের একটি বড় অংশ আসে ভারত থেকে। বিশেষজ্ঞ চিকিৎসক ও অধ্যাপকেরাও বিদেশি বইয়ের ওপর নির্ভরশীল। সেদিক থেকে বাংলাদেশি লেখকের বই আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থার মাধ্যমে ছাপা হওয়াটা বড় ঘটনা।