চিকিৎসার নামে অপচিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন হাটবাজারে হাতুড়ে কবিরাজদের দৌরাত্ম্য বেড়ে গেছে। চিকিৎসার নামে চলছে এসব হাতুড়ে কবিরাজদের অপচিকিৎসার রমরমা ব্যবসা। এ ধরনের হাতুড়ে কবিরাজদের মিথ্যা চটকদার কথার ফাঁদে পড়ে গ্রাম-গঞ্জের সহজ-সরল মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে।উপজেলার চৌধুরানী বাজার, কান্দির বাজার, তাম্বুলপুর (ভোলানাথ) বাজার, পাওটানা বাজার, অন্নদানগর বাজার, বড়দরগাহ বাজার, সাতদরগাহ বাজার, পীরগাছা বাজার, দেউতি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এসব হাতুড়ে কবিরাজদের চিকিৎসার নামে অপচিকিৎসার রমরমা ব্যবসা। তাঁরা সাধারণ মানুষকে আকৃষ্ট করতে নিজেদের নামের পাশে নানা উপাধি ও ডিগ্রিজুড়ে দিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন। এসব হাতুড়ে কবিরাজ বিভিন্ন হাট-বাজারে লোক জমায়েত করতে মাইক বা টেপ রেকর্ডার বাজিয়ে গানের আসর জমায়। এসব গানের আসরে ভাড়াটিয়া নারীশিল্পী এনে গান পরিবেশন করে গ্রামগঞ্জের সাধারণ মানুষকে আকৃষ্ট করা হয়। পরে আসরে হাতুড়ে কবিরাজ বা হেকিম হাজির হয়ে মিথ্যা চটকদার কথায় নিজের তৈরি সালসার গুণাগুণ বলতে শুরু করেন। তিনি সালসার বোতল তুলে ধরে পেটের ব্যাথা, গ্যাস্ট্রিক, আলসার, বাত, আমাশয়, মেহ, প্রমেহ, ডায়াবেটিস, সর্দি-কাশি, অ্যাজমা, যৌনরোগসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের মতো যাবতীয় রোগ নিরাময়ের শতভাগ গ্যারান্টি দিয়ে ওষুধ বিক্রি করছে। এসব হাতুড়ে কবিরাজ মানুষকে আকৃষ্ট করতে এমবিবিএস চিকিৎসকদেরও চ্যালেঞ্জ করতে দ্বিধাবোধ করেন না। গ্রাম এলাকার সহজ-সরল মানুষও খুব সহজে এদের কথায় বিশ্বাস করে ওষুধ কিনছে।উপজেলার কৈকুড়ী ইউনিয়নের বাসিন্দা আসাদুজ্জামান বলেন, ‘এক মাস আগে চৌধুরানী বাজার থেকে এক কবিরাজের মিথ্যা চটকদার কথার ফাঁদে পড়ে ১২০ টাকা দিয়ে একটা সালসার বোতল নিয়েছিলাম। কিন্তু ওষুধ খাওয়ার পর কোনো কাজই হয়নি।’ উপজেলা সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের তাজরুল ইসলাম বলেন, ‘পীরগাছা বাজার থেকে যৌনরোগের জন্য ওষুধ কিনে তা খাওয়ার পর কাজ হওয়া তো দূরের কথা উল্টো বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম।’ ১৩ ডিসেম্বর চৌধুরানী বাজারে গিয়ে দেখা যায়, আবুল হোসেন নামের একজন হাতুড়ে কবিরাজ গানের আসর জমিয়ে সালসা বিক্রি করছেন। কবিরাজ আবুল হোসেন বলেন, ‘আগে আমি হাট-বাজারে সাপের খেলা দেখিয়ে তাবিজ-কবজ বিক্রি করতাম। আমাকে এক নামেই সাপুড়িয়া আবুল বলে সবাই চিনে। এখন আমি হেকিম হয়েছি। বর্তমানে আমি হাট-বাজারে মানুষের বিভিন্ন রোগের জন্য সালসা বিক্রি করি।’ তাঁর দাবি, ‘আমার সালসায় কোনো ভেজাল নেই। এগুলো বিভিন্ন গাছ-গাছড়ার শিকড় ও বাকল দিয়ে তৈরি, যা বিভিন্ন রোগের কাজ করে।’ পীরগাছা রেলস্টেশন প্ল্যাটফরমে প্রতিদিন মাইক বাজিয়ে নিজের তৈরি চন্দন সালসা বিক্রি করেন কবিরাজ আবদুর সাত্তার। তিনি জানান, বিভিন্ন গাছ-গাছড়ার শেকড়, বাকল ও পাতা দিয়ে আমার এই চন্দন সালসা তৈরি। এ সালসা দিয়ে পেটের ব্যথা, আমাশয়, গ্যাস্ট্রিক, আলসার, মেহ, প্রমেহ, যৌন-অক্ষমতা, সিফিলিস, গনোরিয়া সহ সর্ব রোগের কাজ হয়। তিনি আরও বলেন, ‘২৫ বছর ধরে এ সালসা বিক্রি করছি।’ আবাসিক চিকিৎসক রণজিৎ কুমার বর্ম্মণ জানান, এসব হাতুড়ে কবিরাজের চিকিৎসা নিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলী বলেন, ‘এসব অপচিকিৎসা বন্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই। তবে আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন।’