চিকিৎসার নামে অপচিকিৎসা
বগুড়ার ধুনটে কবিরাজি চিকিৎসার নামে চলছে অপচিকিৎসা। চিকিৎসার নামে প্রতারণা করে এলাকার নিরীহ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। এসব ভণ্ড কবিরাজের অপচিকিৎসার খপ্পরে পড়ে অনেকেই সর্বস্বান্ত হওয়ার অভিযোগ উঠেছে।১৫ নভেম্বর রাতে উপজেলার বিশ্বহরীগাছা গ্রামে গিয়ে সরেজমিনে দেখা গেছে, কথিত এক ভণ্ড কবিরাজের চিকিৎসার নামে অপচিকিৎসার কর্মকাণ্ড। ওই গ্রামের সাহেব খাঁ (৬৫) নামের এক ব্যক্তি ২০ দিন আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হন। তাঁকে চিকিৎসার জন্য ডেকে আনা হয়েছে মাজেম আলী (৪০) নামের এক কবিরাজকে। এ কবিরাজ শেরপুর উপজেলার বিনোতপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে।সাহেব খাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁকে বাড়ির আঙিনায় মাটিতে বসিয়ে চলছে কবিরাজের চিকিৎসা। রোগীর চারপাশে লোকজন বসিয়ে রাখা হয়েছে কবিরাজের গানের পাল্টি গান ধরার জন্য। এ ছাড়াও এলাকা থেকে সাতজন কুমারী মেয়ে আনা হয়েছে, তাঁর চিকিৎসার কাজে সহযোগিতা করার জন্য। তাদের সবার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে নিমগাছের ডাল। এদের সঙ্গে নিয়ে রোগীর চারপাশে ঘোরার সময় অশ্লীল ভাষায় গাওয়া হচ্ছে বিভিন্ন ধরনের জারি গান। কবিরাজ একটি রঙিন সুতার হাতপাখা হাতে নিয়ে মাঝেমধ্যে তজবি গুনে রোগীর শরীরে চালাচ্ছেন ঝাড়ফুঁক। এভাবে সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত চলে কবিরাজের চিকিৎসা। এলাকাবাসীর দাবি, এ ধরনের ভণ্ড কবিরাজেরা সাধারণ মানুষের কাছ থেকে চিকিৎসার নামে অর্থ লুটছে। সাহেব খাঁর কন্যা সাজেদা খাতুন জানান, আমার বাবা ২০ দিন আগে উপজেলা শহরে বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে প্যারালাইসিস রোগে আক্রান্ত হন। টাকার অভাবে ভালো চিকিৎসকের কাছে নিতে পারিনি। এ জন্য তিন দিন ধরে এই কবিরাজকে ডেকে ঝাড়ফুঁক চালানো হচ্ছে।কবিরাজ রোগীকে চিকিৎসা দেওয়ার সময় উপস্থিত বৈঠকে বসা আবদুস ছাত্তার জানান, এটা এক ধরনের চিকিৎসার নামে ভণ্ডামি করে অপচিকিৎসা দেওয়া হচ্ছে। এভাবে চিকিৎসা করে কখনো কোনো রোগীকে ভালো করা যায় না।কবিরাজ মাজেম আলী জানান, আমি প্রায় নয় বছর এই রোগের চিকিৎসা করছি। এই চিকিৎসায় অনেকে ভালো হয়েছে। দু-একজন ভালো হয়নি। যারা ভালো হয়নি তারাই আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। এর সব কথা হলো বিশ্বাস। বিশ্বাস করে আমার কাছ থেকে চিকিৎসা নিলে সবাই ভালো হবে। নিজের জন্য কিছু চাই না। ছেলেমেয়ে ও সংসারের জন্য কিছু টাকা-পয়সা চেয়ে নিই। আমি কারও কাছ থেকে জোর করে টাকা-পয়সা নিই না। এবং কারও সঙ্গে প্রতারণা করি না।ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শফিউল আলম জানান, এসব অপচিকিৎসা। প্যারালাইসিস রোগে আক্রান্ত কোনো রোগীকে ঝাড়ফঁকু দিয়ে ভালো করা যায় না। এটা এলাকার সাধারণ মানুষদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ লুটে নেওয়ার এক ধরনের অপকৌশল। এদের বিরুদ্ধে সরকারিভাবে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।